আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিশেষ অভিযান চালিয়ে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১০ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৯৫০ টাকাসহ রুহুল আমিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) রাত ১টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পুরোনো ইউনিয়ন পরিষদের পূর্ব পাশে খোলা মাঠে এ অভিযান চালানো হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. মনজুর আহসানের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. শওকত জামিলসহ পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
গ্রেপ্তার রুহুল আমিন উত্তর বাইশারী গ্রামের মোশাররফ আলী ও মৃত আনোয়ারা বেগমের ছেলে।
পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে সহযোগীদের নিয়ে পুরোনো ইউনিয়ন পরিষদের সামনে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিলেন। এর আগেও মাদকসহ তাকে দুইবার গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ জানায়, রুহুল আমিন আরও তিন সহযোগীকে নিয়ে ওই এলাকায় ইয়াবা ও গাঁজা বিক্রি করছিলেন।
পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও রুহুল আমিনকে ঘটনাস্থল থেকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ২১৫ পিস ইয়াবা, ১০ পুরিয়া গাঁজা ও মাদক বিক্রির ৪ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মনজুর আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে।













