কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের লিংক রোড এলাকায় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছন (৩২)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫, কক্সবাজার।
র্যাব-১৫ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত ৯টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি আভিযানিক দল কক্সবাজার সদর থানাধীন লিংক রোডস্থ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাছন (৩২) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের মুহুরীপাড়া বিসিক এলাকার বাসিন্দা। তার পিতার নাম শহিবুল্লাহ ওরফে কালু।
র্যাবের প্রাথমিক তথ্যমতে, কক্সবাজারের লিংক রোড এলাকায় সোলাইমান ধলু (৪৫) নামের এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
পরে তার মরদেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ ওঠে।
ঘটনাটি স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমেও গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়।
হত্যাকাণ্ডের প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ প্রত্যাহার করে নেন বিক্ষুব্ধরা।
এ ঘটনায় নিহত সোলাইমান ধলুর পরিবারের পক্ষ থেকে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় বিজ্ঞ আদালত আসামি হাছনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এরপর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে র্যাব।
গ্রেফতারকৃত হাছনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, অপহরণ, হত্যা এবং সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে।













