রতন দাশ,উখিয়া :: কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা বহনকারী ছয় চোরাকারবারি মিয়ানমারের দিকে পালিয়ে গেছে।
বিজিবি সূত্র জানায়, ২৬ আগস্ট রাত ১২টা ১০ মিনিটের দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ পালংখালী বিওপির একটি টহলদল নিয়মিত দায়িত্ব পালনকালে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ফারির বিলের গুর্জাখাল রুবেলের ঘের এলাকায় কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি শনাক্ত করে।
পরে টহলদল দেখতে পায়, মিয়ানমার থেকে ছয় ব্যক্তি পোটলা হাতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে।
এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা পোটলাগুলো ফেলে দিয়ে দ্রুত মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ছয়টি পোটলা উদ্ধার করেন। এসব পোটলার ভেতর খাকি ও নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো অবস্থায় আনুমানিক ২ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।
ঘটনাস্থল ও আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হলেও এ সময় আর কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, জব্দ করা ইয়াবার সঙ্গে জড়িত মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বাড়ানো হয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
সীমান্ত দিয়ে মাদকসহ যেকোনো ধরনের অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে বিজিবির অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।














