সোয়েব সাঈদ,স্টাফ রিপোর্টার,রামু :: কক্সবাজারের রামুতে মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর ৪টার দিকে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর উপ-অধিনায়ক মেজর মো. আশিকুর রহমানের নেতৃত্বে মরিচ্যা যৌথ চেকপোস্টে টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।
এ সময় সন্দেহভাজন একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়।
বিজিবি সদস্যরা ট্রাকে কোনো অবৈধ মালামাল রয়েছে কি না জানতে চাইলে চালক তা অস্বীকার করেন। পরে ট্রাকটিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে ট্রাকের চেচিসের গাদামের ভেতর বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ ৩৮ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় একজনকে আটক করে বিজিবি।
জব্দ করা ইয়াবা ও আটক ব্যক্তির বিরুদ্ধে বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদকদ্রব্য পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














