দীপন বিশ্বাস :: কক্সবাজার শহরের একটি মদের বারে পাল্টাপাল্টি হামলায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের ঝাউতলাস্থ রেনেসাঁ হোটেলের মদের বারে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শহরের নুনিয়ারছড়া এলাকার নাজিবুল হক রাশেদ এবং বিজিবি ক্যাম্প এলাকার সালমান।
পুলিশ ও বার কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাশেদ, সালমান, রাদি ও তাদের কয়েকজন সহযোগী রেনেসাঁ হোটেলের দোতলার বারে বসে মদ পান করছিলেন।
একপর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়া শুরু হয়। পরে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে হামলাকারীরা বাইরে থেকে আরও কয়েকজন যুবককে ডেকে আনেন।
এরপর কয়েকজন যুবক বারের ভেতরে ঢুকে রাশেদের ওপর হামলা চালায়। তারা রাশেদের শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় রাশেদকে উদ্ধার করা হলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাশেদের ওপর হামলার খবর পেয়ে তার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে হামলায় জড়িত সন্দেহে সালমানকে আটক করেন। পরে তাকে ফিশারি ঘাট এলাকায় নিয়ে গিয়ে গণপিটুনি দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় সালমানকে কক্সবাজার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলে পুলিশ তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।
অবস্থার অবনতি হলে চিকিৎসক সালমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রের দাবি, ইয়াবা লুটের ঘটনাকে কেন্দ্র করে রাদি ও সালমানের নেতৃত্বে রাশেদের ওপর হামলা চালানো হয়ে থাকতে পারে।
তবে এ তথ্যের সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ। ঘটনার পর থেকে রাদি পলাতক রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়ভাবে তিনি কিশোর গ্যাংয়ের নেতা হিসেবে পরিচিত।
এদিকে ঘটনার পর রেনেসাঁ হোটেলের বারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান বলেন, ‘হোটেলের বারের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
ফুটেজগুলো পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।’
পুলিশ বলছে, দুই যুবকের মৃত্যুর ঘটনায় প্রকৃত কারণ ও হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। একই সঙ্গে মদের বারের ভেতরের সংঘর্ষ, পরবর্তী গণপিটুনি এবং ইয়াবা লুটের অভিযোগ—সবকিছুই তদন্তের আওতায় রাখা হয়েছে।













