শনিবার ২৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

🗓 শনিবার, ২৯ আগস্ট ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৯ আগস্ট ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহাঙ্গীর আলম (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে উপজেলার জালিয়াছড়ি এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকায় জাহাঙ্গীর আলমের বসতবাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুদ রাখা হয়েছে।

এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাবের একটি আভিযানিক দল ওই বাড়িতে অভিযান চালায়।

র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসতবাড়ির উঠানের পাশে মাটির নিচে বিশেষভাবে বস্তাবন্দি অবস্থায় লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়।

সেখানে ১০টি বান্ডেলে মোট ১ লাখ পিস ইয়াবা ছিল। প্রতিটি বান্ডেলে ১০ হাজার করে ইয়াবা পাওয়া যায়।

এ সময় মাদক কারবারে ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জালিয়াছড়ি এলাকার আলী আহমদ ও গুলবাহার দম্পতির ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী দুর্গম এলাকা থেকে কৌশলে মাদক সংগ্রহ করে বান্দরবানসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি ও সরবরাহ করে আসছিলেন বলে র‌্যাবের কাছে স্বীকার করেছেন।

র‌্যাব জানায়, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোবাইল ফোনসহ গ্রেপ্তার ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।

মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে সীমান্তবর্তী এলাকাগুলোতে র‌্যাবের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর