মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় আসামি পারভেজ মো. আবুল কালামকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও ১০ বছরের কারাদন্ডে আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু হানিফ এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ইফতেখার মাহমুদ।
মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৫ জুলাই রাতে চকরিয়া থানায় কর্মরত এক পুলিশ সদস্যের বাসায় হানা দেয় পারভেজসহ একদল দুর্বৃত্ত।
তারা প্রথম ওই বাসার মালামাল লুটপাট করে এবং একপর্যায়ে পুলিশ সদস্যের স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল আসামি পারভেজকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।
তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি, পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা ও যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত আসামি পারভেজকে উক্ত দন্ড প্রদান করেন।
এদিকে ঘোষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন বাদীপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী।
তারা বলেন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পরিবারের সদস্যের ওপর এমন অপরাধের ঘটনার বিচারিক পরিণতি সমাজে অপরাধ দমনে ইতিবাচক বার্তা দেবে।
বিচার পাওয়ার মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হয়েছে বলেও মত প্রকাশ করেন তারা।













