এম জিয়াবুল হক,চকরিয়া :: চকরিয়া উপজেলার উপকূলীয় অঞ্চলের ( নবগঠিত মাতামুহুরী উপজেলার) পুর্ব বড় ভেওলা অংশে মাতামুহুরী নদী থেকে সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদীভাঙ্গনে চরম হুমকির মুখে পড়েছে সরকারি আশ্রয়ন প্রকল্পের শতাধিক বসতঘর।
পাশাপাশি নদীতে বিলীন হবার উপক্রম হয়েছে তীরবর্তী জনপদের কৃষিজমি, গ্রামীন রাস্তাঘাট ও ধর্মীয় অনেকগুলো প্রতিষ্ঠান।
বিষয়টি জনস্বার্থ সংশ্লিষ্ট হবার কারণে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
এরই আলোকে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সেকান্দরপাড়া সংলগ্ন মাতামুহুরী নদী ও আশপাশের এলাকায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে একটি শ্যালো মেশিন ও ৬টি পাইপ জব্দ করেছে।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. শফিউল আলম এ অভিযান পরিচালনা করেন।
আদালতের অভিযানকালে উপস্থিত ছিলেন পূর্ব বড় ভেওলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. আবুল মনসুর, আদালতের পেশকার সৈকত রুদ্র এবং আনসার সদস্যরা।
অপরদিকে একইদিন বিকালে আদালত চকরিয়া পৌরশহরে অপর একটি অভিযানে চিরিঙ্গা সোসাইটি জামে মসজিদ সংলগ্ন সড়কের ওপর অবৈধভাবে সিএনজির লাইন বসিয়ে তীব্র যানজট সৃষ্টির দায়ে ইসমাইল নামের এক সিএনজি লাইনম্যানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রশাসনের নির্দেশ অমান্য করে দীর্ঘদিন ধরে মাতামুহুরী নদীর সেকান্দর পাড়া পয়েন্টে শ্যালো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন একটি চক্র।
দীর্ঘ সময় ধরে বালু উত্তোলনের কারণে ওই এলাকায় নদীভাঙ্গন বেড়েছে। পাশাপাশি হুমকির মুখে পড়েছে সরকারি আশ্রয়নের শতাধিক বসতঘর।
বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে আদালত সেখানে অভিযান পরিচালনা করেন।
এসময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ১টি শ্যালো মেশিন ও ও ৬টি পাইপ জব্দ করেছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার) মো. শফিউল আলম।
তিনি বলেন, নদী রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। একই সাথে শহরের শৃঙ্খলা রক্ষায় যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।













