কক্সবাংলা ডটকম :: প্রায় ৫০ বছর পর ইউএস ওপেনের নারী এককে প্রথমবার শীর্ষ চার বাছাই খেলোয়াড় সেমিফাইনালে উঠেছেন।
বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কা, যুক্তরাষ্ট্রের জেসিকা পেগুলা ও কোকো গাফ এবং কাজাখস্তানের এলেনা রিবাকিনা পেয়েছেন শেষ চারের টিকিট।
চার খেলোয়াড়ই তিন সেটের থ্রিলার জিতে টুর্নামেন্টে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছেন। কোকো গাফ ২-৬, ৭-৬ (৭-৫), ৬-২ গেমে হারান রাশিয়ার ১৮ বছর মিরা আন্দ্রিভাকে।
দুই মার্কিনীর লড়াইয়ে পেগুলা ৩-৬, ৬-৪, ৬-৩ গেমে এমা নাভারোকে, রিবাকিনা ৩-৬, ৬-১, ৬-৪ গেমে চীনের ঝেং কিনওয়েনকে ও দুইবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা ৭-৬ (৭-১), ৩-৬, ৭-৬ (১০-৭) গেমে চেক রিপাবলিকের লিন্ডা নসকোভাবে হারান।
এর মধ্যে রিবাকিনা সেমিফাইনালে ওঠার মধ্য দিয়ে র্যাংকিংয়ের এক নম্বরে ওঠা নিশ্চিত করেছেন।
সোমবার মেয়েদের র্যাংকিং হালনাগাদ হলেই তিনি সাবালেঙ্কাকে সরিয়ে উঠে যাবেন শীর্ষে।
যুক্তরাষ্ট্রের ২২ বছর বয়সী তারকা কোকো গাফ ইতিহাসের অংশ হতে পারার বিষয়টি জেনে প্রতিক্রিয়ায় বলেন, ‘আহ! দারুণ তো!’
সাবেক ব্রিটিশ নাম্বার ওয়ান অ্যানাবেল ক্রফট বলেন, ‘কি দারুণ ব্যাপার। আমার তো মনে হয়, স্মরণকালের মধ্যে অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এবারের আসরে।’
শুধু ইউএস ওপেনেই নয়, ২০০৯ সালের উইম্বলডনের পর এই প্রথম কোনো গ্র্যান্ডস্লামের সেমিফাইনালে উঠলেন মেয়েদের চার শীর্ষ বাছাই খেলোয়াড়।
দু-একটি ঘটনা বাদে এবারের আসরে বড় অঘটন কমই হয়েছে এবং সেমিফাইনাল পর্যন্ত শীর্ষ বাছাই খেলোয়াড়দের উপস্থিতি সেটিই প্রমাণ করছে।
২০২০ সালের শুরুর থেকে এখন পর্যন্ত মেয়েদের এককে ভিন্ন ১৩ জন গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন হয়েছে, এ সময় ছেলেদের এককে চ্যাম্পিয়ন হয়েছেন সাতজন।
শুক্রবার ভোর ৫টায় প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবেন সাবালেঙ্কা ও পেগুলা, দেড় ঘন্টা পর শুরু হবে কোকো গাফ ও রিবাকিনার লড়াই। রোববার মেয়েদের ফাইনাল।
২০১৪ সালের পর প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনটি ইউএস ওপেন শিরোপা জয়ের হাতছানি সাবালেঙ্কার সামনে।
সর্বশেষ এ কীর্তি আছে সেরেনা উইলিয়ামসের। এছাড়া, সেমিফাইনালিস্ট চারজনের মধ্যে গ্র্যান্ডস্লাম জেতেননি কেবল পেগুলা।













