মোসলেহ উদ্দিন,উখিয়া :: উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উখিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস-এর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার।
এ সময় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনসহ প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন এবং পরিচালনা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়ার সুযোগ তৈরি হবে।
এদিকে উখিয়ায় সমাজকল্যাণ পরিষদের আর্থিক অনুদান এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত শিশু পরিবারের মাঝে ডিগনিটি কিটস বিতরণ করা হয়েছে।
একই সঙ্গে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ারও বিতরণ করা হয়।
১৪ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার ও উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী এসব সহায়তা বিতরণে উপস্থিত ছিলেন।
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে হুইল চেয়ার বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।













