কক্সবাংলা ডটকম :: টালিউডের বর্ষীয়ান অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায় মারা গেছেন। রোববার রাতে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি।
গত এক বছর ধরে ক্যানসারে ভুগছিলেন এই অভিনেত্রী। মুম্বাইয়ে চলছিল তার চিকিৎসা। তবে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মুম্বাইয়ে বসবাস করছিলেন মিঠু। দক্ষিণ কলকাতার নিজের বাড়িও বিক্রি করে দিয়েছিলেন তিনি।
মৃত্যুকালে তার বয়স কত হয়েছিল, তা জানা যায়নি।
একসময় বাংলা সিনেমার পর্দায় মিঠুর উপস্থিতি ছিল আলাদা আকর্ষণ।
মিষ্টি মুখ, সাবলীল অভিনয় এবং চরিত্র অনুযায়ী নিজেকে বদলে নেওয়ার দক্ষতায় তুলনামূলক স্বল্প অভিনয়জীবনেই একাধিক স্মরণীয় চরিত্রে অভিনয় করেন তিনি।
বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি ও ওড়িয়া সিনেমাতেও কাজ করেছেন এই অভিনেত্রী। ১৯৭০-এর দশকের শুরু থেকে ১৯৯০ সাল পর্যন্ত বিস্তৃত ছিল তার অভিনয়জীবন।
১৯৭১ সালে চিত্ত বসুর ‘শেষ পর্ব’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিঠুর। এতে তার বিপরীতে অভিনয় করেন সমিত ভঞ্জ। তবে প্রথম সিনেমার পরই বড় সাফল্য পাননি তিনি।
১৯৭৩ সালে দীনেন গুপ্তের ‘মর্জিনা আবদুল্লা’ সিনেমায় মর্জিনা চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন।
এতে তার বিপরীতে ছিলেন দেবরাজ রায়। সিনেমাটির সাফল্যের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি মিঠুকে।

এরপর আশুতোষ মুখোপাধ্যায়ের ‘নিশিকন্যা’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করেন তিনি।
১৯৭৪ সালে অরবিন্দ মুখোপাধ্যায়ের ‘মৌচাক’ তাকে আরও জনপ্রিয় করে তোলে। এই সিনেমায় নীপা চরিত্রে মিঠু এবং সিতেশ চরিত্রে রঞ্জিত মল্লিকের জুটি দর্শকের মনে জায়গা করে নেয়।
‘মৌচাক’-এর পর রঞ্জিত মল্লিকের সঙ্গে ‘স্বয়ংসিদ্ধা’ সিনেমায় জুটি বাঁধেন মিঠু। ১৯৭৫ সালের এই সিনেমাটিও তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কাজ।
এর আগে ‘কবি’ সিনেমায় দেবরাজ রায়ের সঙ্গে অভিনয় করেছিলেন তিনি। পরের বছর ‘চাঁদের কাছাকাছি’ ও ‘হোটেল স্নো ফক্স’-এর মতো সিনেমায় দেখা যায় তাকে।
বাংলা সিনেমার পাশাপাশি এ সময় হিন্দি সিনেমাতেও কাজ শুরু করেন মিঠু। ১৯৭৬ সালে দুলাল গুহর ‘খান দোস্ত’ সিনেমার মাধ্যমে হিন্দি সিনেমায় অভিষেক হয় তার।
এতে শত্রুঘ্ন সিনহার বিপরীতে অভিনয় করেন তিনি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাজ কাপুরও।
এরপর বাসু চট্টোপাধ্যায়ের ‘সফেদ ঝুট’, ‘দিল্লাগি’ ও ‘দো লড়কে দোনো কড়কে’ সিনেমায় অভিনয় করেন মিঠু। ‘দিল্লাগি’তে আবারও শত্রুঘ্ন সিনহার বিপরীতে দেখা যায় তাঁকে।
১৯৭৭ সালে ‘প্রতিমা’ সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম স্ত্রীর চরিত্রে অভিনয় করেন মিঠু। সিনেমাতে দ্বিতীয় স্ত্রীর ভূমিকায় ছিলেন সুমিত্রা মুখোপাধ্যায়। সিনেমাটিও বক্স অফিসে সাফল্য পেয়েছিল।

বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করলেও মিঠুর অভিনয়জীবন ছিল তুলনামূলকভাবে স্বল্পস্থায়ী।
এই সময়ের মধ্যে তিনি কাজ করেছেন উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, দেবরাজ রায়, শত্রুঘ্ন সিনহা, রাজ কাপুর, বিনোদ মেহরা, নবীন নিশ্চল, সাবিত্রী চট্টোপাধ্যায়, রবি ঘোষ, অনুপকুমার ও মহুয়া রায়চৌধুরীর মতো শিল্পীদের সঙ্গে।
অনেক আগেই অভিনয় থেকে সরে গিয়েছিলেন মিঠু মুখোপাধ্যায়। তবে ‘মৌচাক’-এর নীপা, ‘মর্জিনা আবদুল্লা’র মর্জিনা কিংবা ‘আশ্রিতা’র মতো চরিত্রের মধ্য দিয়ে দর্শকের স্মৃতিতে আজও অমলিন হয়ে আছেন এই অভিনেত্রী।













