রোতাব চৌধূরী :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং বান্দরবান ও কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু বলেছেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা ও আন্তরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের পারস্পরিক নিবিড় সহযোগিতার মাধ্যমে জেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা আরও সুদৃঢ় করা সম্ভব।
মন্ত্রী বৃহস্পতিবার কক্সবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয় সংক্রান্ত বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো আ: মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল,সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এডভোকেট শামীম আরা স্বপ্না, পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান,প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান,সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এসময় সরকারি বিভিন্ন দপ্তর ও আইন শৃংখলা বাহিনীর কর্মকর্তা,জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরে সাংবাদিকদের মন্ত্রী সাচিং প্রু বলেন, মাদক নিয়ন্ত্রণে মহল্লায় মহল্লায় মাদক নিয়ন্ত্রণ প্রতিরোধ কমিটি গঠন করা হবে।
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী দপ্তরগুলোর জনবল ও যানবাহন সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।














