কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজার শহরের ঐতিহ্যবাহী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র স্থান বৌদ্ধ মন্দির পরিদর্শন করেছেন কক্সবাজার-৩ (সদর-ঈদগাঁও-রামু) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
শনিবার দুপুরে তিনি মন্দির প্রাঙ্গণে গিয়ে এর সার্বিক পরিবেশ ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় মন্দিরের পবিত্রতা ও ধর্মীয় পরিবেশ অক্ষুণ্ন রাখা, দর্শনার্থী ও ধর্মীয় উপাসনাকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং মন্দির এলাকাকে সন্ত্রাস, মাদক ও যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডমুক্ত রাখার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনকালে মন্দিরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন সংসদ সদস্য কাজল। পাশাপাশি মন্দিরের নিরাপত্তাব্যবস্থা, আশপাশের পরিবেশ এবং ভবিষ্যতে নিরাপত্তা জোরদারে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন—এসব বিষয়ে সংশ্লিষ্টদের কাছ থেকে তথ্য নেন। প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
এ সময় তিনি বলেন, কক্সবাজারের ধর্মীয় ও ঐতিহাসিক স্থাপনাগুলো শুধু কোনো একটি সম্প্রদায়ের সম্পদ নয়; এগুলো জেলার ঐতিহ্য, ইতিহাস ও সাম্প্রদায়িক সম্প্রীতির অংশ। এসব পবিত্র স্থানকে নিরাপদ ও সুরক্ষিত রাখা এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

কক্সবাজারে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের দীর্ঘদিনের সহাবস্থান ও পারস্পরিক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে। সেই পরিবেশ অক্ষুণ্ন রাখতে ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং স্থানীয় পর্যায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
পরিদর্শনকালে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী, মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব রফিকুল হুদা চৌধুরী, সদস্য সচিব মো. আবুল কাশেমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এর আগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় মানুষের সমস্যা ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেছেন।















