দীপন বিশ্বাস :: কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি এলাকায় পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনায় পতিত হয়।
এতে ঘটনাস্হলেই হাবিবুর রহমান হাবিব নামে ঢাকার এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
এসময় হাবিবুর রহমানের স্ত্রী ও সন্তানসহ আরও ১৩ জন পর্যটক গুরুতর আহত হয়েছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে আসা ১৪ জনের একটি পর্যটক দল বিকেল ৪টার দিকে একটি চান্দের গাড়িতে করে কক্সবাজার থেকে ইনানীর উদ্দেশ্যে রওনা হন।
পথে হিমছড়ি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে,এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই হাবিবুর রহমান মারা যান।
নিহত হাবিব ঢাকার মহাখালী রসুলবাগ এলাকার বাসিন্দা এবং পেশায় একজন ঠিকাদারি ব্যবসায়ী।
দুর্ঘটনায় তার স্ত্রী শারমিন ও ছেলে সাফওয়ান মারাত্মকভাবে আহত হয়েছেন। এছাড়া তাদের সাথে থাকা অন্য ১৩ জন পর্যটকও আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। পরবর্তীতে দুর্ঘটনাকবলিত চান্দের গাড়িটি একটি কাভার্ড ভ্যানে করে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।
শেষে রাত সাড়ে ১২টার দিকে নিহত হাবিবের মরদেহ এবং আহত পর্যটকদের নিয়ে ১টি লাশবাহী গাড়ি ও ৫টি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।













