কক্সবাংলা ডটকম :: জাপানের আইচি-নাগোয়ায় চলমান ২০তম এশিয়ান গেমসে পদক তালিকায় নিরঙ্কুশ কর্তৃত্ব ধরে রেখেছে অলিম্পিকের পরাশক্তি চীন।
গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০৭টি স্বর্ণসহ মোট ১৭৬টি পদক জিতে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছিল।
চীনের অর্ধেক স্বর্ণপদকও জিততে পারেনি দুইয়ে থাকা স্বাগতিক জাপান! তাদের অর্জন মাত্র ৩১টি। আর চীনের ১৭৬টি পদকের বিপরীতে জাপান জিতেছে মোট ১২৯টি পদক।
৪৬ জাতির এ আসরে অংশ নিচ্ছেন ১০ হাজারেরও বেশি প্রতিযোগী। গেমসটা বাংলাদেশের মতো অনেক দেশের জন্য কেবল শিক্ষা অর্জনের সফর হিসেবে দেখা হয় এখনো।
৮১৫ জন অ্যাথলিটের দল নিয়ে চীন এরই মধ্যে ১৭৬টি পদক জয় নিশ্চিত করেছে। হয়তো আজই পদক সংখ্যা দুইশ ছাড়িয়ে যাবে দেশটির।
সে তুলনায় ২৬০ জনের বিশাল বহর (অ্যাথলিট ১৮৮ জন) নিয়ে গিয়েও জাপান থেকে বাংলাদেশ দলের অর্জন এখন পর্যন্ত একটি ব্রোঞ্জ পদক!
৪০ বছর পর এশিয়ান গেমসে ব্যক্তিগত ইভেন্টে পদক জয়ের কৃতিত্ব দেখান উশু খেলোয়াড় জিন্নাত আক্তার। ঐতিহাসিক সাফল্য নিয়ে শুক্রবার দিবাগত রাতে তিনি ঢাকায় ফিরেছেন।
১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সিংয়ে মোশাররফ হোসেনের ব্রোঞ্জ জয়ের পর ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের কোনো ক্রীড়াবিদ আর এশিয়ান গেমসে পদক জিততে পারেননি।
এরপর বাংলাদেশের স্বর্ণ ও রৌপ্যপদকের বেশির ভাগই এসেছে ক্রিকেট ও কাবাডি থেকে। এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়েছেন জিন্নাত। উশুর ৫২ কেজি ওজন শ্রেণীতে সেমিফাইনালে উঠে ব্রোঞ্জ নিশ্চিত করেন তিনি।
যদিও একটি ‘বাই’ পেয়েছেন, এরপর প্রতিপক্ষ অতিরিক্ত ওজনের কারণে ‘ডিসকোয়ালিফায়েড’ হওয়ায় তার ব্রোঞ্জ পদক এসেছে। কোনো ম্যাচ না জিতেই তিনি ব্রোঞ্জ পেয়েছেন।
সেমিফাইনালে চীনের প্রতিপক্ষের কাছে হেরে যান জিন্নাত। তাতেই থেমেছে তার ফাইনালের স্বপ্ন, তবে নিশ্চিত হয়েছে ঐতিহাসিক ব্রোঞ্জ।
গতকাল সন্ধ্যা পর্যন্ত দক্ষিণ কোরিয়া ১৬টি স্বর্ণসহ ৭৩টি পদক নিয়ে তিনে, উজবেকিস্তান ৮টি স্বর্ণসহ ৩৪টি পদক নিয়ে চারে ও কাজাখস্তান ৮টি স্বর্ণসহ ৩৫টি পদক জিতে পাঁচে অবস্থান করছিল।













