আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৮০ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছে।
বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীপাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রধানঝিরি এলাকার জালাল আহমেদ (৩৬), পিতা মৃত গোলাম হোসেন; নুরুল আলম (৩২), পিতা সোলায়মান এবং ইয়াসিন উল্লাহ (২২), পিতা সৈয়দ আকবর।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা কক্সবাজারের রামু থানাধীন মরিচ্যা বাজার এলাকার এক ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির টাকা গ্রহণ করে সোনাইছড়ি হয়ে আসার পথে পুলিশের অভিযানে ধরা পড়েন।
এ সময় তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরে আটক তিনজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।












