মুকুল কান্তি দাশ,চকরিয়া :: সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনসহ মোট আটজনের নিহতের ঘটনা ঘটেছে
। নিহতদের বাড়ি কক্সবাজারের চকরিয়ায় বলা হলেও নিহত ব্যক্তিরা সবাই মিয়ানমারের রোহিঙ্গা বংশোদ্ভূত বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
তাছাড়া নিহত আটজনের পারিবারিক কোন তথ্যও জানাতে পারেনি চকরিয়া উপজেলা ও পুলিশ প্রশাসন।
গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করা হলেও কেউ তথ্য জানাতে পারেনি।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ব্যক্তিদের অনেকের জন্ম ও বেড়ে ওঠা সৌদি আরবে।
তাদের মধ্যে জিয়াউর রহমান নামের এক ব্যক্তি নব্বইয়ের দশকে বাংলাদেশ থেকে প্রথমে পাকিস্থান এবং সেখান থেকে সৌদি আরবে যান। দীর্ঘ সময় ধরে তিনি স্ব-পরিবারে সৌদিতে বসবাস করে আসছিলেন।
আরও জানা গেছে, নিহতরা সবাই রোহিঙ্গা নাগরিক। যার কারণে বাংলাদেশে থাকা তাদের পরিজনরা পরিচয় নিশ্চিত করতেও চাচ্ছে না।
তাদের স্বজনরা যদি পরিচয় জানায়, তাতে তাদের প্রশাসনিক নানা সমস্যার সম্মুখিন হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে, স্থানীয়দের প্রশ্ন তারা বাংলাদেশী পাসপোর্ট করে কীভাবে সৌদি আরব গেলো? কারাই বা তাদের বাংলাদেশী পাসপোর্ট করিয়ে দিয়েছে? এসব নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে !
জানা গেছে, বাংলাদেশ সময় গত শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
পরদিন শনিবার (৭ নভেম্বর) দুপুরে জেদ্দায় নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল সড়ক দুর্ঘটনার বিষয়টি সাংবাদিকদের জানান।
সৌদি আরবের বাংলাদেশ কনস্যুলেটের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর দিবাগত রাত দুইটার দিকে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে সৌদি আরবের আল-হিমনা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
তিনটি পরিবারের ১৩ জন সদস্য একটি ব্যক্তিগত গাড়িতে করে যাওয়ার সময় সেটি দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
জেদ্দায় অবস্থিত ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’র কর্মী ও তাদের পরিবারের সদস্যরা গাড়িটিতে করে মদিনা থেকে জেদ্দায় ফিরছিলেন।
এই মর্মান্তি দুর্ঘটনায় ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পথে প্রথমে সাতজন নিহত হয় এবং ছয়জন আহত হন।
পরবর্তীতে গত শনিবার রাতে মদিনা অঞ্চলের আল-হিমনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল আবীর কোল্ড স্টোরের স্টোরকিপার জিয়াউর রহমানের মেয়ে ইশরাহ মারা যান।
এর ফলে নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়ায়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন- আল আবীর কোল্ড স্টোরের স্টোরকিপার জিয়াউর রহমান, তাঁর দুই ছেলে ইয়াছের ও ইয়াজের এবং দুই মেয়ে বুশরাহ ও ইশরাহ।
একই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ওই প্রতিষ্ঠানের ফর্কলিফট চালক মোহাম্মদ ইলিয়াসের স্ত্রী মুন্নী। এছাড়া নিহতদের তালিকায় রয়েছেন সানজিদা আক্তার ও তার দুই মাস বয়সী কন্যা সন্তান।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সৌদি আরবে নিহতদের বাড়ি চকরিয়ায় জানার পর থেকে স্থানীয়ভাবে অনেক খোঁজ-খবর নিয়েছি, কেউ পরিচয় নিশ্চিত করতে পারেনি।
এমনকি সংশ্লিষ্ট মন্ত্রণালয় কিংবা দুতাবাস থেকে এই বিষয়ে কিছু জানায়নি।
চকরিয়া ও মাতামুহুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলায়ার বলেন, সৌদি আরবে আট বাংলাদেশী নিহতের খবর পেয়েছি।
কিন্তু তারা চকরিয়ার বাসিন্দা কিনা এখনও তথ্য জানা যায়নি। এবিষয়ে মন্ত্রণালয় থেকে কোন তথ্য জানানো হয়নি।













