কক্সবাংলা ডটকম :: আলোচিত চিত্রনায়ক ও ব্যবসায়ী এম এ জলিল অনন্তের (অনন্ত জলিল) কাছে বেসরকারি খাতের দুটি ব্যাংকের পাওনা প্রায় ৪০৭ কোটি টাকা।
এর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ২৬৭ কোটি টাকার ঋণের বিপরীতে দেওয়া ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক ডিজঅনার হয়েছে।
এ ঘটনায় অনন্ত জলিল ও তার স্ত্রী খাদিজা পারভীন ওরফে বর্ষাকে আইনি নোটিশ পাঠিয়েছে ব্যাংকটি।
অন্যদিকে, মার্কেন্টাইল ব্যাংকও প্রায় ১৪০ কোটি টাকা আদায়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে।
ঋণ পরিশোধে সাভারে অবস্থিত নিজের কারখানা বিক্রির প্রতিশ্রুতি দিয়েছেন অনন্ত জলিল।
এমটিবির পান্থপথ শাখার পক্ষে ব্যাংকটির প্যানেল আইনজীবী মো. জাহিদুল ইসলাম বাচ্চু সম্প্রতি এ নোটিশ পাঠান।
অনন্ত জলিলের রাজধানীর মোহাম্মদপুরের বাসা ও সাভারের কারখানার ঠিকানায় নোটিশের কপি পাঠানো হয়। গত ৫ নভেম্বর একটি জাতীয় দৈনিকেও বিজ্ঞপ্তি আকারে নোটিশটি প্রকাশ করা হয়।
নোটিশে বলা হয়েছে, এবি অ্যাপারেলসের চেয়ারম্যান অনন্ত জলিল ও ব্যবস্থাপনা পরিচালক খাদিজা পারভীন একাধিকবার ফোনে এবং সরাসরি বকেয়া টাকা দ্রুত পরিশোধের আশ্বাস দিলেও তা রক্ষা করেননি।
ব্যাংকের নোটিশ অনুযায়ী, ২০২৪ সালের ২৮ আগস্ট কিস্তিতে পরিশোধের শর্তে এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি ২২ লাখ টাকার ঋণ পুনঃতপশিল করা হয়।
তবে শর্ত অনুযায়ী কিস্তি পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি। পরে গত ১৮ অক্টোবর অনন্ত জলিল ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক দেন। ২ নভেম্বর পর্যাপ্ত অর্থ না থাকায় চেকটি ডিজঅনার হয়।
নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পুরো টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আদালতে মামলাসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে মার্কেন্টাইল ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, অনন্ত জলিলের কাছে সুদসহ তাদের পাওনা প্রায় ১৪০ কোটি টাকা। এ অর্থ আদায়েও আইনি পদক্ষেপ নেওয়া হবে।













