আবদুল হামিদ, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ অনুদান বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) নাইক্ষ্যংছড়ি মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদ (ইমাম) ও এতিমখানা সমূহের অনুকূলে বরাদ্দকৃত চাউলের সমপরিমাণ নগদ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুদান বিতরণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মংএচিং চাক।
বিতরণকালে জনাব মংএচিং চাক বলেন, পার্বত্য জেলা পরিষদ সবসময়ই সাধারণ মানুষের ধর্মীয় ও সামাজিক উৎসবে পাশে থাকার চেষ্টা করে।
পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন অব্যাহত রাখতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
চাউলের পরিবর্তে সমপরিমাণ নগদ অর্থ প্রদান করায় প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী তা ব্যবহার করতে পারবে।
অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন নাইক্ষ্যংছড়ি উপজেলার মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব,ইসলামিক ফাউন্ডেশন নাইক্ষ্যংছড়ি উপজেলার মডেল কেয়ারটেকার মাওঃ জালাল উদ্দিনসহ আরো দায়িত্বশীল কর্মকর্তাগণ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম মাওলানা জালাল উদ্দিন ফারুকী ও বিভিন্ন মসজিদের ইমাম, এতিমখানার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।














