রবিবার ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

সাগরপাড়ে চলচ্চিত্রের উৎসব : কক্সবাজার ফিল্ম ক্লাবের যাত্রা শুরু

🗓 শনিবার, ২৮ মার্চ ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ২৮ মার্চ ২০২৬

👁️ ২৩ বার দেখা হয়েছে

জাবেদ আবেদীন শাহীন :: একসময় শুধু ঢেউ দেখতেই আসতো মানুষ,আর এখন সেই ঢেউয়ের পাশেই গল্পের পর গল্প।সমুদ্রের ঢেউ, নোনা বাতাস আর খোলা আকাশের নিচে বড় পর্দা এই অনন্য পরিবেশেই শুরু হলো ১ম কক্সবাজার চলচ্চিত্র উৎসব। যা সাংস্কৃতিক অঙ্গনে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। কক্সবাজার সৈকতে শুরু হওয়া চলচ্চিত্র উৎসব যেন সেই পরিবর্তনেরই প্রতিচ্ছবি। লাবণী সৈকতে দুই দিনব্যাপী এই আয়োজন পর্যটনের শহর কক্সবাজারকে নতুনভাবে পরিচয় করিয়ে দিল এক সম্ভাবনাময় সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে লাবণী পয়েন্টের উন্মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক যাত্রা শুরু। একই সঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত কক্সবাজারের একমাত্র চলচ্চিত্র সংসদ ‘কক্সবাজার ফিল্ম ক্লাব’এর কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই আয়োজনের মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার পৌর প্রশাসক ইমরান হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম। তাসনোভা তাশরীন লাবণ্য ও জে এস সাহেদের সঞ্চালনায় আয়োজিত এ অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মী ও পর্যটকদের উপস্থিতিতে সৈকত এলাকা পরিণত হয় এক প্রাণবন্ত উচ্ছ্বাসে মহাউৎসব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অভিনেতা ও সংগীতশিল্পী অ্যাডভোকেট আবু হায়দার ওসমানী, কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মন্নান,বাংলাদেশ বেতারের সংগীত প্রযোজক বশিরুল ইসলাম,ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী,ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক)-এর প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম কিবরিয়া খান,চলচ্চিত্র পরিচালক তানবীর হাসান, বন্ধন বিশ্বাস, অভিনেত্রী এলিনা শাম্মী, অভিনেতা ওমর মালিক, কণ্ঠশিল্পী জে এস সাহেদসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট বিশিষ্টজনরা।

অনুষ্ঠান শুরুতেই স্বাগত বক্তব্য দেন ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম। পরে অতিথিদের সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সহ-সভাপতি পূর্ণ বর্ধন বড়ুয়া ও সাধারণ সম্পাদক ওসমান সরওয়ার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাংস্কৃতিক সম্পাদক স্বপন দে, অর্থ সম্পাদক মো. রমজান, নির্বাহী সদস্য ওমর ফারুক সোহাগ, সুমন চন্দ্র দে প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম বলেন সৈকতে সাগরপাড়ে খোলা আকাশের নিচে বড় পর্দায় একসঙ্গে বসে সিনেমা দেখার অভিজ্ঞতা ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। ছোট পর্দার এই যুগে বাংলা সিনেমাকে আবার বড় পর্দায় ফিরিয়ে আনার একটি প্রয়াস এটি। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ ধারাবাহিকতা পেলে কক্সবাজার ভবিষ্যতে
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ হিসেবে গড়ে উঠতে পারে।

উদ্বোধনী দিনে কক্সবাজার ফিল্ম ক্লাবের নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। পাশাপাশি প্রদর্শিত হয় বন্ধন বিশ্বাস পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’, অপূর্ব রানা পরিচালিত ‘জল রং’ এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’। ‘ছায়াবৃক্ষ’ চলচ্চিত্রে চা শ্রমিকদের জীবনসংগ্রাম ও বঞ্চনার গল্প তুলে ধরা হয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ‘জল রং’ মানব পাচারের বাস্তব প্রেক্ষাপট নিয়ে নির্মিত, যেখানে অভিনয় করেছেন সাইমন সাদিক ও নবাগত উষ্ণ হক। অন্যদিকে, বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘ডট’ নারী পাচারসহ সামাজিক নানা সমস্যাকে কেন্দ্র করে নির্মিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা অর্জন করেছে।

উৎসব চলাকালে প্রতিদিন সন্ধ্যায় লাবণী সৈকতের উন্মুক্ত মঞ্চে তিনটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে, যা সকল দর্শকের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সমাপনী দিনে প্রদর্শিত হবে সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদী’, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ এবং তানবীর হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’। এসব চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এ আয়োজন।

উল্লেখ্য, ১ম কক্সবাজার চলচ্চিত্র উৎসব-২০২৬ আয়োজন করেছে কক্সবাজার ফিল্ম ক্লাব। এতে সহযোগিতা করছে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, কক্সবাজার জেলা প্রশাসন এবং ঢাকা ফিল্ম ক্লাব।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর