হেলাল উদ্দিন,টেকনাফ :: প্রবালদ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্টসহ পাচারকারী চক্রের ১১ জন সদস্যকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
এসময় পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়। রবিবার রাতে নৌবাহিনীর জাহাজ ‘সমুদ্র অভিযান’ এই কার্যক্রম পরিচালনা করে।
নৌবাহিনী সূত্র জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রে অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধের লক্ষ্যে নিয়মিত টহল পরিচালনা করছে নৌবাহিনী।
এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১৯ এপ্রিল রাত ১১টার দিকে সেন্টমার্টিন লাইটহাউজ থেকে প্রায় ১২ মাইল দূরে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোট শনাক্ত করা হয়।
পরবর্তীতে নৌবাহিনীর জাহাজটি দ্রুত ওই অবস্থানে পৌঁছে ‘এফবি আব্দুর রহমান-২’ নামক বোটটিকে চ্যালেঞ্জ করে এবং সেটি আটক করতে সক্ষম হয়।
আটককৃত বোটটিতে তল্লাশি চালিয়ে ৮৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট পাওয়া যায়, যা অবৈধভাবে মায়ানমারে পাচার করা হচ্ছিল।
এ সময় পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে ১১ জনকে আটক করে নৌবাহিনী।
উদ্ধারকৃত বোট ও জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫১ লক্ষ টাকা বলে জানানো হয়েছে।
বর্তমানে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।













