বৃহস্পতিবার ১৪ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর যানজটমুক্ত পেকুয়া বাজার সড়ক : স্বস্তি ফিরেছে জনমনে

🗓 শনিবার, ০৯ মে ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০৯ মে ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: দীর্ঘদিনের ভোগান্তির পর অবশেষে অনেকটাই যানজটমুক্ত হয়েছে কক্সবাজারের পেকুয়া বাজারের প্রধান সড়ক।

বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহ এবং উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট।

তাদের নেওয়া বিভিন্ন পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে ফিরেছে স্বস্তি।

ইতোমধ্যে বাজারের প্রধান সড়কের দুই পাশ থেকে হকার উচ্ছেদ এবং ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়েছে।

পাশাপাশি বাজারের মাঝখানে গড়ে ওঠা সিএনজি ও টমটমের বিভিন্ন কাউন্টারও স্থানান্তর করা হয়েছে। ফলে দীর্ঘদিনের তীব্র যানজট অনেকটাই কমে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পেকুয়া বাজারের মেইন রোডের দুই পাশে ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং এবং বাজারের মাঝখানে সিএনজি-টমটম কাউটার স্থাপনের কারণে প্রতিদিনই তীব্র যানজট সৃষ্টি হতো। এতে চরম ভোগান্তিতে পড়তেন ব্যবসায়ী, পথচারী ও যাত্রীরা।

সম্প্রতি সরেজমিনে বাজার পরিদর্শনে গিয়ে উপজেলা বিএনপির সভাপতি ও সদর চেয়ারম্যান এম বাহাদুর শাহ বাজারের মাঝখানে কোনো সিএনজি-টমটম কাউন্টার না রাখার নির্দেশনা দেন।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাজাখালী ও বারবাকিয়ার সিএনজি-টমটম কাউন্টার ফাসিয়াখালী ব্রিজের উত্তর পাশে এবং উজানটিয়া-মগনামার কাউন্টার পেকুয়া বাজারের পশ্চিম পাশে ওয়াপদা অফিসের সামনে স্থানান্তর করা হয়েছে।

একইসঙ্গে বাজারের মূল সড়কে কোনো ধরনের সিএনজি বা টমটম পার্কিং না করার নির্দেশ দেওয়া হয়েছে।

পেকুয়া বাজারের কাপড় ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, দোকানের সামনে সিএনজি ও টমটম কাউন্টার থাকায় ব্যবসার ব্যাপক ক্ষতি হচ্ছিল।

কিছু বলতে গেলে উল্টো হয়রানির শিকার হতে হতো। বাজারের শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই।

পেকুয়া বাজারস্থ মায়ের দোয়া লাইব্রেরি এন্ড স্টেশনারীর মালিক আরমান বিন কাশেম বলেন, একসময় পেকুয়া বাজার ছিল সীমাহীন যানজট ও বিশৃঙ্খলার প্রতিচ্ছবি। এখন সেখানে ফিরেছে স্বস্তিদায়ক পরিবেশ ও শৃঙ্খলা।

বর্তমানে সাধারণ পথচারী, ব্যবসায়ী ও যানবাহন চালকদের মাঝেও স্বস্তির চিত্র লক্ষ্য করা যাচ্ছে। জনস্বার্থে নেওয়া এই উদ্যোগ পেকুয়াবাসীর কাছে প্রশংসিত হচ্ছে।

পেকুয়া বাজারে বাজার করতে আসা রহিমা বেগম নামে এক এনজিওকর্মী জানান, বিগত সময়ে বাজার করতে এসে অনেক কষ্ট করতে হতো।

রাস্তার দুইধারে দখল থাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করা যেত না। দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হতো। তবে আজ বাজারের চিত্র সম্পূর্ণ ভিন্ন দেখলাম। অনেক স্বস্তিতে ও মুক্তভাবে বাজার করতে পেরেছি।

উপজেলা যুবদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট বলেন, পেকুয়া বাজারকে যানজটমুক্ত ও শৃঙ্খলাপূর্ণ রাখতে আমরা কাজ করছি। সাধারণ মানুষের স্বস্তি ফেরানোই আমাদের মূল লক্ষ্য।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সদর চেয়ারম্যান এম বাহাদুর শাহ বলেন, বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, তা করা হবে। জনগণের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয় এমন কোনো কার্যক্রম বাজারের মূল সড়কে চলতে দেওয়া হবে না।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর