সরওয়ার কামাল,মহেশখালী :: কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক আদর্শ বিদ্যাপীঠে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক বর্ণাঢ্য বৃক্ষরোপণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের আওতায় ২৯ জুন সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাফর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কাসেম।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন।
“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির প্রশংসা করে তারা বলেন, প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির পরিচর্যা করা উচিত।
আলোচনা সভা শেষে বিদ্যালয় আঙিনায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর আগে একটি সচেতনতামূলক র্যালি বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।














