মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ঝুঁকির মুখে কক্সবাজারের উন্নয়ন, বিনিয়োগ ও জননিরাপত্তা

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ২০ বার দেখা হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি :: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, কক্সবাজারের পর্যটন, সমুদ্রসম্পদ, জ্বালানি, খনিজ সম্পদ, লবণশিল্প, কৃষি, মৎস্য, অর্থনৈতিক অঞ্চল ও যোগাযোগ ব্যবস্থাকে সমন্বিত করে একটি দীর্ঘমেয়াদি মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা গেলে কক্সবাজার দক্ষিণ এশিয়ার অন্যতম অর্থনৈতিক হাবে পরিণত হতে পারে। তবে জেলার অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই সম্ভাবনা, বিনিয়োগ এবং জননিরাপত্তা আজ বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় কক্সবাজার জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ‘কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার জেলার চারটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা নিজ নিজ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদুর রহমান আযাদ বলেন, নির্বাচনের আগে সংস্কার, সুশাসন ও জবাবদিহিতার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নের পরিবর্তে সরকার দলীয়করণে ব্যস্ত। নির্বাচনের চার মাস পরও আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। গুম কমিশন, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিশন-সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের মাধ্যমে মৌলিক সংস্কারের পথ সংকুচিত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, বর্তমান বাজেট একটি ঋণনির্ভর ঘাটতি বাজেট। অতীতে ৪ লাখ কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব না হলেও এবার প্রায় ৬ লাখ ৯০ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। অথচ সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক খাতে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হয়নি।

কক্সবাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট না থাকায় বর্জ্য সাগরে গিয়ে পরিবেশ দূষণ করছে। অপরিচ্ছন্ন সৈকত, দালালচক্র, হকারদের অনিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায় এবং পর্যটন ব্যবস্থাপনার দুর্বলতার কারণে পর্যটকেরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

তিনি আরও বলেন, কুতুবদিয়া-মগনামা ঘাট, মহেশখালী জেটি ও কক্সবাজার ৬ নম্বর জেটির জরাজীর্ণ অবস্থা, তীব্র যানজট, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনা, লবণ সিন্ডিকেট, কৃষকের ন্যায্যমূল্য না পাওয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ের অভাব, শিক্ষক সংকট, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা, উপকূলে জলদস্যুতা, অপহরণ, মাদক, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রের বিস্তার এবং প্রায় ১৫ লাখ রোহিঙ্গার চাপ জেলার উন্নয়ন ও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সোনাদিয়ার প্যারাবন ধ্বংস, পাহাড় কাটা এবং ভূমি অধিগ্রহণ ও মেগা প্রকল্পে দুর্নীতি-অনিয়মও উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের উন্নয়নে ভূমি প্রশাসন, ইউনিয়ন ও পৌরসভার সেবা শতভাগ ডিজিটালাইজেশন, পুলিশ ও প্রশাসনের জবাবদিহিতা বৃদ্ধি, নিয়মিত গণশুনানি, অর্থনৈতিক অঞ্চল ও মেগা প্রকল্পে স্থানীয়দের জন্য অন্তত ৫০ শতাংশ ব্যবসা ও কর্মসংস্থান সংরক্ষণ, ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন, লবণ সিন্ডিকেট নির্মূল, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কুতুবদিয়া-মগনামা ঘাট ও কক্সবাজার ৬ নম্বর জেটির দ্রুত সংস্কার, শিক্ষা ও স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, সোনাদিয়ার প্যারাবন সংরক্ষণ এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেন, দীর্ঘ দুঃশাসনের পর মানুষ নতুন সরকারের কাছে সুশাসন ও স্বস্তি প্রত্যাশা করেছিল। কিন্তু অল্প সময়ের মধ্যেই সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তিনি অভিযোগ করেন, টেকনাফে দিনদুপুরে অপহরণ, মানবপাচার, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি ও মাদকের বিস্তার জনজীবনকে দুর্বিষহ করে তুলেছে।

তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদকের পাশাপাশি আধুনিক অস্ত্রও দেশে প্রবেশ করছে। রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধান এবং তাদের নিজ দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উখিয়া-টেকনাফে সাম্প্রতিক ধারাবাহিক হত্যাকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

নূর আহমদ আনোয়ারী টেকনাফ বন্দরকে সার্বজনীন ব্যবহারের উপযোগী করা, নতুন অর্থনৈতিক করিডোর স্থাপন, নাফ নদী জেলেদের জন্য উন্মুক্ত রাখা, সারা বছর সেন্টমার্টিনে পর্যটক চলাচলের সুযোগ নিশ্চিত করা, উখিয়ায় একটি পৌরসভা প্রতিষ্ঠা এবং মেরিন ড্রাইভকে আন্তর্জাতিক মানের পর্যটন করিডোর হিসেবে গড়ে তোলার দাবি জানান। পাশাপাশি সীমান্তে আরাকান আর্মির তৎপরতা রোধ এবং তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

কক্সবাজার শহর জামায়াতের আমীর ও কক্সবাজার-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক বলেন, জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখলেও কক্সবাজার উন্নয়নের বৈষম্যের শিকার। তিনি দ্রুত জেলার মহাপরিকল্পনা চূড়ান্ত, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে চালু, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, নবগঠিত মাতামুহুরী উপজেলার সদর দপ্তর গ্রহণযোগ্য স্থানে স্থাপন এবং চকরিয়ার যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণের দাবি জানান।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি জনগণ মেনে নিতে পারছে না। এমনকি সরকারপ্রধানের সফরের দিনও চকরিয়া-পেকুয়ায় সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ হয়নি।

কক্সবাজার-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহীদুল আলম বাহাদুর বলেন, কক্সবাজারে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গোলাগুলির ঘটনা কোনোভাবেই স্বাভাবিক নয়। তিনি কক্সবাজার সদর হাসপাতালে পর্যাপ্ত আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও কিডনি ডায়ালাইসিস সেন্টার চালু, হাসপাতালের আধুনিকায়ন, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, শহরের যানজট নিরসন, কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিসপ্রধান শামসুল হক শারেক, এনটিভির কক্সবাজার প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, বাংলাদেশ প্রতিদিনের কক্সবাজার প্রতিনিধি হাসানুর রশীদ, বণিক বার্তার প্রতিনিধি ছৈয়দ আলম এবং চ্যানেল নাইনের প্রতিনিধি শেখ সেলিম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মুফতি মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসাইন, সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আযাদ, জিএএম আশেক উল্লাহসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এই বিভাগ এর আরো খবর

লাভ কমায় কমতে পারে চাল উৎপাদন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর