মঙ্গলবার ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় ওয়ারিশি জমি দখল চেষ্টার প্রতিকার দাবি

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

🗓 মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

👁️ ৪ বার দেখা হয়েছে

নাজিম উদ্দিন,পেকুয়া :: কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের টইটং বাজারসংলগ্ন এলাকায় ওয়ারিশসূত্রে প্রাপ্ত প্রায় ০.৮৪ একর জমি সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাধা দিতে গেলে ভাড়াটে লোকজন দিয়ে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় পেকুয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন ছমুদা খাতুনের ওয়ারিশগণ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লতিফা বেগম, রহিমা বেগম, ক্বারী মুহাম্মদ ইয়াকুব, ক্বারী মুহাম্মদ জালাল উদ্দিন, রাবেয়া বেগম, মুহাম্মদ কলিম উল্লাহ ও হাবিব উল্লাহ।

লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা এলাকার বাসিন্দা প্রকৌশলী হাসান ও তার চাচাতো ভাই ছাদেকের নেতৃত্বে একদল ভাড়াটে লোকজন নিয়ে সম্প্রতি তাদের ওয়ারিশি সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা চালানো হচ্ছে। তাদের দাবি, প্রকৌশলী হাসান নেপথ্যে থেকে পুরো দখলচেষ্টার নেতৃত্ব দিচ্ছেন।

ভুক্তভোগীরা জানান, জমিটি তারা তাদের মায়ের কাছ থেকে ওয়ারিশসূত্রে পেয়েছেন। জমি দখল ঠেকাতে তারা চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিষেধাজ্ঞা চেয়ে এমআর মামলা (নং-৪৩৬/২৬) দায়ের করেন। মামলার বাদী লতিফা খানম। মামলাটি গত ২৬ জুন দায়ের করা হয় এবং পরবর্তী শুনানির তারিখ আগামী ২২ জুলাই নির্ধারণ করা হয়েছে।

তাদের অভিযোগ, একই বিষয়ে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দিতে গেলেও তা গ্রহণ করা হয়নি। তবে গত রোববার পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আদালতের পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত কোনো ধরনের নির্মাণকাজ না করার নির্দেশ দেয়। এরপরও অভিযুক্তরা আদালতের নির্দেশ উপেক্ষা করে দিনেরাতে সীমানা প্রাচীর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন তারা।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিতে গেলে কয়েকদিন আগে ভাড়াটে সন্ত্রাসীরা হামলা চালায়। এতে রহিমা বেগম (৫০), লতিফা বেগম (৫৫), হাবিব উল্লাহ (৩৫), রাবেয়া বেগম (৩৫) ও মর্জিনা বেগম (৩০) আহত হন।

ভুক্তভোগীরা জানান, বিষয়টি নিয়ে তারা পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহের কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন। তারা প্রশাসন ও আদালতের নির্দেশনা কার্যকর করে ওয়ারিশি সম্পত্তি রক্ষা এবং দখলচেষ্টায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তারা আরও বলেন, প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী। তারা আইন আদালতের প্রতি কোনো ধরণের তোয়াক্কা করছেনা। তারা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

এ বিষয়ে অভিযুক্ত প্রকৌশলী হাসান ও ছাদেকের বক্তব্য জানা সম্ভব হয়নি।

এই বিভাগ এর আরো খবর

লাভ কমায় কমতে পারে চাল উৎপাদন

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর