দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি শৌচাগারের ভেতর থেকে এএসআই রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) ভোর ৫টার দিকে পুলিশ ক্যাম্পের শৌচাগারের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, শুক্রবার বিকেলে রোলকলে এএসআই রুবেল অনুপস্থিত ছিলেন। পরে ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন।
তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি।
শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে শৌচাগারে যাওয়ার চেষ্টা করলে দরজাটি ভেতর থেকে বন্ধ দেখতে পান।
দরজায় ধাক্কা দিয়েও কোনো সাড়া না পাওয়ায় তিনি জানালা দিয়ে ভেতরে রুবেল হোসেনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।
বিষয়টি জানার পর ক্যাম্পের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে উখিয়া থানা পুলিশ ও সংশ্লিষ্ট চিকিৎসকের উপস্থিতিতে শৌচাগারের বন্ধ স্টিলের দরজা কেটে রুবেল হোসেনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি মোবাইল ফোন, গোসলের তোয়ালে, টর্চলাইট ও সিগারেট উদ্ধার করা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, শৌচাগার ব্যবহারের সময় স্ট্রোক করে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
তবে ময়নাতদন্ত ও আইনগত তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।













