হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফের সাবরাং সীমান্ত এলাকায় রাতে মিয়ানমারের অভ্যন্তর থেকে পরপর কয়েক দফা বিকট শব্দ ভেসে এসেছে।
এতে সীমান্তবর্তী মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
বুধবার (১৩ আগস্ট) গভীর রাতে সাবরাং সীমান্তের বিভিন্ন এলাকা থেকে মিয়ানমারের দিক থেকে বিকট শব্দ শোনার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
শব্দগুলো বিস্ফোরণের মতো মনে হলেও এর প্রকৃত উৎস বা ধরন তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
সাবরাংয়ের বাসিন্দা জাহেদ হোসাইন মাহমুদ জানান, রাতে হঠাৎ করে ওপার থেকে বিকট শব্দ শুনতে পান তারা।
পরপর কয়েকবার শব্দ হওয়ায় সীমান্তবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মিয়ানমারের অভ্যন্তরে কী ঘটছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তিনি বলেন, সীমান্তের ওপারে এ ধরনের শব্দ মাঝেমধ্যে শোনা গেলেও রাতে বিকট শব্দ হলে সাধারণ মানুষের মধ্যে ভয় কাজ করে।
সীমান্তবর্তী মানুষের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের দাবি জানান তিনি।
এর আগে মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের সময় টেকনাফ সীমান্তের বাংলাদেশ অংশ থেকেও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনার ঘটনা ঘটেছে।
তবে বুধবার রাতে সাবরাং সীমান্তে শোনা বিকট শব্দের কারণ এবং এর সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কোনো সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকেও বক্তব্য পাওয়া যায়নি।













