মুকুল কান্তি দাশ, চকরিয়া :: আদালতে মামলার বাদীর অনাপত্তি দেওয়ার পর দুই মামলায় জামিন পেয়েছেন কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক ফারহান সাদিকের আদালতে শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন অ্যাডভোকেট ফয়জুল কবির।
মামলা সূত্রে জানা যায়, সাবেক মেয়র আলমগীর চৌধুরীর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় বাদী নিজে আদালতে হাজির হয়ে জবানবন্দি দেন।
বাদী আদালতকে জানান,এই ঘটনার সাথে সাবেক মেয়র আলমগীর চৌধুরী কোনো ভাবেই জড়িত নন।
ঘটনার সময়ে তিনি দুর্ঘটনাবশত কারণে এজাহারভুক্ত হয়েছিলেন। আসামির বিরুদ্ধে বাদীর কোনো অভিযোগ নেই মর্মে তিনি অনাপত্তিপত্র দাখিল করেন।
আলমগীর চৌধুরীর আইনজীবী এডভোকেট লুৎফুল কবির জানান, পৌরসভার নিজপানখালী এলাকার বাসিন্দা আমীর আলীর দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলা এবং কাকারা এলাকার শাহ আলমের দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার হওয়া চকরিয়া পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত বাদীর অনাপত্তিতে তাঁকে দুটো মামলায় জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী আদালতে যুক্তি দেখান যে, যেহেতু মামলার মূল বাদী নিজেই আসামির বিরুদ্ধে কোনো অভিযোগ রাখছেন না এবং তাকে নির্দোষ দাবি করছেন,তাই তাকে জামিন দেওয়া সমীচীন।
আদালত উভয় পক্ষের শুনানি এবং বাদীর অনাপত্তিপত্র বিবেচনা করে সাবেক মেয়র আলমগীর চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।
এই আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
আলমগীর চৌধুরী চকরিয়া পৌরসভার সাবেক দুইবারের নির্বাচিত মেয়র।
উল্লেখ্য, গতি ৩০ আগস্ট চকরিয়া থানার পুলিশ তাকে আটক করে দুটো মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানোর প্রাক্কালে তিনি অসুস্থ হয়ে পড়ায় তার জামিন শোনানি পেছানো হয়।##













