সোমবার ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কার জাফনায় গণকবরে ৫৭২ কঙ্কাল সন্ধান

🗓 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

👁️ ১১ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম :: উত্তর শ্রীলঙ্কার জাফনা অঞ্চলের চেম্মানিতে একটি শ্মশান সম্প্রসারণে কাজ করছিলেন শ্রমিকরা। খননের একপর্যায়ে সন্ধান পাওয়া গণকবর থেকে ৫৭২ জনের কঙ্কালাবশেষ উদ্ধার করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে অপ্রত্যাশিতভাবে এ গণকবরের সন্ধান পাওয়া যায়। এর পর প্রত্নতাত্ত্বিকদের তৃতীয় দফার খনন শেষে আগস্টে কঙ্কালের সংখ্যা ৬০০-এর কাছাকাছি পৌঁছে। উদ্ধার হওয়া দেহাবশেষের মধ্যে শিশু ও নবজাতকের কঙ্কালও রয়েছে।

বিবিসির এক প্রতিবেদন অনুসারে, শ্রীলঙ্কায় এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় গণকবর এটি বলে মনে করা হচ্ছে। কঙ্কালের পাশাপাশি সেখান থেকে চুড়ি, একটি স্কুলব্যাগ ও দুধের বোতলের মতো ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

চেম্মানি এলাকায় দীর্ঘদিন ধরে একটি গণকবরের অস্তিত্ব নিয়ে আলোচনা ছিল। কয়েক দশক ধরে চলা শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় নিখোঁজ হওয়া বেসামরিক লোকজনের মরদেহ সেখানে থাকতে পারে বলে অধিকারকর্মী ও নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের আশঙ্কা। তবে নতুন করে খনন শুরুর আগে এ বিষয়ে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

১৯৮৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত চলা গৃহযুদ্ধে আনুমানিক এক লাখ মানুষ নিহত এবং প্রায় ২৩ হাজার মানুষ নিখোঁজ হন। নিরাপত্তা বাহিনী ও তামিল টাইগার—উভয় পক্ষের বিরুদ্ধেই গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

১৯৯০-এর দশকের শেষদিকে চেম্মানি এলাকায় শ্রীলঙ্কার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ বাড়ার পর সেখানে সেনা শিবির, চেকপয়েন্ট ও নিরাপত্তা পোস্ট স্থাপন করা হয়। একই সময়ে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে বেসামরিক মানুষকে গুম করার অভিযোগও ওঠে। সরকারগুলো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে এসেছে।

চেম্মানির বর্তমান গণকবরের কাছেই ১৯৯৬ সালে ১৮ বছর বয়সী তামিল স্কুলছাত্রী কৃষান্তি কুমারস্বামীকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। পরে একটি আদালত এ ঘটনায় পাঁচ সেনাসদস্যকে মৃত্যুদণ্ড দেয়। তাদের বক্তব্য অনুযায়ী, কুমারস্বামী ও তার পরিবারের সদস্যদের মরদেহ চেম্মানি এলাকায় পাওয়া যায়।

এর পর আদালতে দেওয়া এক সাক্ষ্যে দোষী সাব্যস্ত এক সেনাসদস্য সোমারাত্নে রাজাপক্ষে দাবি করেন, নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে ৩০০-৪০০ নিহত ব্যক্তিকে চেম্মানিতে সমাহিত করা হয়েছিল। তার এই দাবির পর ১৯৯৭ সালে এলাকায় প্রথমবার খনন চালিয়ে ১০টির বেশি মানব কঙ্কাল উদ্ধার করা হয়। তবে সেগুলোর সঙ্গে গৃহযুদ্ধের সময় নিখোঁজ ব্যক্তিদের সম্পর্ক নিশ্চিত করা যায়নি।

বর্তমান গণকবরের খনন তদারক করছেন শ্রীলঙ্কা মানবাধিকার কমিশন। সংস্থার কমিশনার গেহান গুনাতিলেকে বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি কোনো সাধারণ কবরস্থান নয় এবং প্রচলিত হিন্দু সৎকার প্রথার সঙ্গেও এর মিল নেই। উদ্ধার হওয়া অধিকাংশ দেহাবশেষ কাপড়বিহীন অবস্থায় ছিল এবং ঘনভাবে একসঙ্গে রাখা ছিল। কিছু ক্ষেত্রে একটি দেহাবশেষের ওপর আরেকটি রাখা ছিল। কবরগুলোও ছিল অগভীর—ভূপৃষ্ঠ থেকে মাত্র এক থেকে দুই মিটার নিচে।

শ্রীলঙ্কা মানবাধিকার কমিশন গত বছরের এক প্রতিবেদনে বলেছিল, এসব সমাহিতকরণ অবৈধ হওয়ার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

গণকবরটির প্রধান প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক রাজ সোমদেব জানান, একটি অন্তর্বর্তী প্রতিবেদন সেপ্টেম্বরের শেষ নাগাদ আদালতে জমা দেয়া হবে। দেহাবশেষের বয়স নির্ধারণে কিছু নমুনা বিদেশে পাঠানো হতে পারে। মৃত্যুর সম্ভাব্য কারণ জানতে আলাদা চিকিৎসাবিষয়ক বিশ্লেষণও প্রয়োজন হবে।

এখনো দেহাবশেষগুলোর ডিএনএ পরীক্ষা করা হয়নি। চেম্মানি থেকে উদ্ধার হওয়া সব দেহাবশেষ জাফনা বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের কাছে আদালতের হেফাজতে সংরক্ষিত রয়েছে।

নিখোঁজ স্বজনদের পরিবারগুলো দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে। তাদের আশা, ডিএনএ পরীক্ষা ও ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে কয়েক দশক ধরে নিখোঁজ থাকা স্বজনদের পরিণতি সম্পর্কে এবার অন্তত কিছু উত্তর পাওয়া যাবে।

এই বিভাগ এর আরো খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সর্বাধিক পঠিত খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

এই বিভাগের আরো খবর

হঠাৎ কেন বাড়ানো হলো জ্বালানি তেলের দাম

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সহজ শিকার শিশুরা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

বর্ষীয়ান অভিনেত্রীর শেষনিশ্বাস ত্যাগ

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬