এম জিয়াবুল হক, চকরিয়া :: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন শাখার উদ্যোগে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল তিনটায় উপজেলার উত্তর কাকারা মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলার উপদেষ্টা ও চকরিয়া-পেকুয়া আসন থেকে জামায়াত ইসলামি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক।
প্রধান অতিথি আব্দুল্লাহ আল ফারুক বলেন, স্বাধীন বাংলাদেশে সবচেয়ে বেশি অবহেলা ও বঞ্চনার শিকার হয়েছে শ্রমিকেরা।
অথচ শ্রমিকদের হাড়ভাঙ্গা পরিশ্রমে দেশের অর্থনীতি সচল থাকে। দেশের উন্নয়নের চাকা ঘুরে।
তিনি বলেন, আগামী নির্বাচনে জামায়াত ক্ষমতায় গেলে শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে ইনশা আল্লাহ।
আমরা একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গড়তে চাই। যেখানে শ্রমিকরা তাদের কাজের যথাযথ মূল্য ও সম্মান পাবেন।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার উপদেষ্টা মোহাম্মদ হেদায়েত উল্লাহ, শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারি মোহাম্মদ মহসিন, চকরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, উপদেষ্টা মাওলানা ছৈয়দ করিম, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, উপদেষ্টা মাষ্টার মোহাম্মদ হোছাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সভাপতি শরিফুল আমিন, কাকারা ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা মাওলানা শাহাদাত হোসেন ও মাওলানা মোহাম্মদ আলী।
সমাবেশের শুরুতে দারসুল কোরআন পেশ করেন উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা আবুল ফজল।
ইউনিয়ন সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জালাল উদ্দীনের পরিচালনায় সমাবেশে সহশ্রাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।














