এম জিয়াবুল হক, চকরিয়া :: প্রজনন মৌসুমে সরকারিভাবে ঘোষিত নিষিদ্ধ সময় তথা আগামী ২২ দিন সাগর থেকে মা ইলিশ মাছ আহরণ এবং হাটবাজারে বিক্রি বন্ধের জন্য সচেতনতা সৃষ্টির অভিপ্রায়ে চকরিয়া উপজেলার বিভিন্ন হাটবাজার, মৎস্য অবতরণ কেন্দ্রে মাইকিং ও লিফলেট বিতরণ করা হচ্ছে।
সরকারি নির্দেশনার আলোকে চকরিয়া উপজেলা মৎস্য অধিদফতর কতৃক গত বুধবার থেকে মা ইলিশ মাছ আহরণ বন্ধে সচেতনতামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।
উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে মাইকিং কার্যক্রম উদ্বোধন করেছেন চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন।
উপজেলা মৎস্য অধিদফতর সুত্রে জানা গেছে, প্রতিবছরের মতো এবছরও ডিমঅওয়ালা মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত) মোট ২২ দিন সাগর থেকে মা ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
এব্যাপারে চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন বলেন, চকরিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাছ আহরণে নিয়োজিত জেলে জনগোষ্ঠী এবং মাছ ব্যবসায়ী এবং আড়তদারদের মাঝে সচেতনতা সৃষ্টির জন্য সমগ্র উপজেলায় মাইকিং, লিফলেট বিতরণ করা হচ্ছে।
পাশাপাশি বিভিন্ন হাটবাজারে ইলিশ মাছ আহরণ ও বিক্রি বন্ধের নানা নির্দেশনা জানিয়ে পোষ্টার লাগানো হয়েছে।














