সোয়েব সাঈদ, রামু :: কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হওয়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে।
সর্বশেষ সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দুর্ঘটনায় গুরুতর আহত মো. রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা।
এ দূর্ঘটনায় ঘটনার দিনই প্রান হারান তানিয়ার স্বামী রুবেল ও ছয় মাসের কন্যা শিশু মাশরুফা। এ নিয়ে মর্মান্তিক এ দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজনের প্রাণহানি হলো।
এর আগে শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাটিরমাথা রেলক্রসিংয়ে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হন।
নিহতরা হলেন—কাইম্যার ঘোনা এলাকার নুরুল ইসলামের ছেলে মো. রুবেল (৩০), তাঁর বোন কাসফিয়া (২০), কাসফিয়ার ১৮ মাস বয়সী শিশুকন্যা এবং রুবেলের ছয় মাস বয়সী শিশুকন্যা মাশরুফা।
সর্বশেষ মারা গেলেন রুবেলের স্ত্রী তানিয়া সুলতানা। নিহত পাঁচ জনই একই পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার দিন তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে দক্ষিণ মিঠাছড়ি থেকে রাজারকুলের দিকে যাচ্ছিলেন।
পথে কাটিরমাথা রেলক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজার অভিমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই কাসফিয়ার মৃত্যু হয়।
গুরুতর আহত অন্যদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত তানিয়া সুলতানাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার সকালে তাঁর মৃত্যু হয়।
রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোদেস্তা বেগম রীনা তানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
রেলওয়ে পুলিশের কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর আহমদ জানান, এ দুর্ঘটনায় ৫ জন প্রান হারিয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দুর্ঘটনাস্থলের রেলক্রসিংটি অরক্ষিত। সেখানে কোনো গেট বা গেটম্যান নেই।
পাশাপাশি সড়কের দুই পাশে বড় বড় গাছ থাকায় ট্রেন আসার বিষয়টি সহজে দেখতে পান না চালকেরা।
স্থানীয়দের মতে, রেলক্রসিংয়ে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা না হলে ভবিষ্যতেও এমন দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
একটি দুর্ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় এখনো বিরাজ করছে বেদনাদায়ক পরিবেশ ।













