এম জিয়াবুল হক, চকরিয়া :: সরকারি ঘোষণা মোতাবেক ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২২ দিন মা ইলিশ সংরক্ষণ অভিযান জোরদার করার অংশ হিসেবে কক্সবাজারের চকরিয়া উপজেলা মৎস্য অধিদফতর উপকূলীয় অঞ্চলের সমুদ্র চ্যানেলের বিভিন্ন মোকামে প্রতিদিনই অভিযান চালাচ্ছে।
এরই অংশ হিসেবে রোববার ১২ অক্টোবর দুপুরে চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী নৌ-চ্যানেলের সমুদ্র লাগোয়া বিভিন্ন মোহনায় অভিযান পরিচালনা করেছে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে প্রশাসনের একটি টিম।
অভিযানে চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আরিফুল আমিন, উপজেলা কৃষি অফিসার শাহনাজ ফেরদৌসী, উপজেলা এলজিইডির প্রকৌশলী মোঃ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর, উপজেলা সমবায় অফিসার মোঃ রমিজ উদ্দিন আহমদ, বদরখালী সমিতির সম্পাদক মঈন উদ্দিন এবং বদরখালী নৌপুলিশের কর্মকর্তা ও কোস্টগাডের স্টেশন অফিসার উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আনোয়ারুল আমিন বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে উপজেলার উপকূলীয় অঞ্চলের নৌচ্যানেল থেকে সবধরনের সামুদ্রিক মাছ আহরণ বন্ধ এবং বাজারে বিক্রির বিরুদ্ধে মৎস্য অধিদফতর প্রতিদিনই অভিযান পরিচালনা করছেন।
এ অবস্থায় মাছের প্রজনন প্রেক্ষাপট সরেজমিনে পরিদর্শন এবং নিষিদ্ধ সময়ে সামুদ্রিক মাছ আহরণ বন্ধে প্রশাসনের কঠোর ভুমিকা পালনের বিষয়টি সংশ্লিষ্টদের মাছ শিকারীদের জানান দিতে ইউএনও, ওসির নেতৃত্বে নৌচ্যানেলের বিভিন্ন মোহনায় রোববার অভিযান তৎপরতা চালানো হয়েছে।














