এম.জিয়াবুল হক, চকরিয়া :: টানা ১৪ বছর পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া থেকে আনুষ্ঠানিক প্রচারণা ও জনসংযোগ শুরু করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি মঙ্গলবার ২ ডিসেম্বর দুপুর বারোটায় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে পৌঁছে পীর সাহেব মৌলানা আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
তাঁর আগে সকালে বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছে সালাহউদ্দিন আহমেদ।
এরপর দুপুরে চকরিয়া উপজেলার খুটাখালী এলাকায় পৌঁছে পীর সাহেব আবদুল হাইয়ের কবর জেয়ারত শেষে তিনি খুটাখালীর ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।
এরপর খুটাখালী ইউনিয়নের হাজী পাড়া, স্কুল পাড়া, মুসলিম বাজার, উত্তর মেধা কচ্চপিয়া এলাকায় গণসংযোগ করেন।
দীর্ঘ সময় পর নিজ নির্বাচনী এলাকা খুটাখালী ইউনিয়নের এসব গ্রামে পৌঁছালে দলীয় নেতাকর্মী ছাড়াও স্থানীয় জনগণের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
২০০১ সালে কক্সবাজার ১ (চকরিয়া পেকুয়া) আসেন সংসদ সদস্য নির্বাচিত হলে চারদলীয়জোট সরকার গঠন এবং যোগাযোগ প্রতিমন্ত্রী নিযুক্ত হন সালাহউদ্দিন আহমেদ।
পরের নির্বাচনে আইনী জটিলতায় তিনি প্রার্থী হতে না পারায় তাঁর বিপরীতে এই আসনে প্রার্থী হয়ে সালাহউদ্দিন আহমেদের সহধর্মিণী এডভোকেট হাসিনা আহমেদ বিপুল ভোটে এমপি নির্বাচিত হন।
দলীয় সুত্রে জানা গেছে, সালাহউদ্দিন আহমেদ তাঁর নির্বাচনী এলাকা কক্সবাজার -১ (চকরিয়া পেকুয়া) আসনে ২ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ পথসভ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।
এরই অংশ হিসেবে মঙ্গলবার তিনি চকরিয়ার খুটাখালীতে দলীয় কার্যালয় উদ্বোধন শেষে নির্বাচনী গণসংযোগ করেছেন।
একইদিন বিকেলে চকরিয়ার ডুলাহাজারা ও ফাঁসিয়াখালী ইউনিয়নে জনসংযোগ করে ধানের শীষের পক্ষে দুটি পথসভায় বক্তব্য দিয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে স্থানীয় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথির ভাষন দেন। তাঁর আগে পথসভার মাঠ বিশাল জনসমুদ্রে পরিণত হয়ে যায়।
ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুবউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহেদুল মোস্তফার সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী।
এছাড়া উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজি, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক এম আবদুর রহিম ছাড়াও বিএনপি এবং সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব সাংবাদিক মো. ছফওয়ানুল করিম স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী বলা হয়েছে, মঙ্গলবারের গণসংযোগ পথসভা শেষে সালাহউদ্দিন আহমেদ রাতে পেকুয়া সদরের নিজ বাসভবনে অবস্থান করে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন।
বুধবার ৩ ডিসেম্বর সকালে বাবা–মায়ের কবর জিয়ারতের মাধ্যমে পেকুয়ায় প্রচারণা শুরু করবেন।
এদিন শীলখালী, বারবাকিয়া, টৈটং ও রাজাখালী ইউনিয়নে জনসংযোগ করবেন।
বৃহস্পতিবার মগনামা, উজানটিয়া ও পেকুয়া সদর ইউনিয়নে ধানের শীষের পক্ষে জনসংযোগ ও পথসভায় যোগ দেবেন।
শুক্রবার চকরিয়ার কোনাখালী, ভেওলা মানিকচর, পূর্ব বড় ভেওলা, সাহারবিল, পশ্চিম বড় ভেওলা, ডেমুশিয়া ও বদরখালী ইউনিয়নে দিনব্যাপী জনসংযোগ করবেন। এদিন তিনি বিভিন্ন মাদ্রাসা ও দলীয় কার্যালয় পরিদর্শন করবেন।
শনিবার চকরিয়ার কেয়ারবিল ও লক্ষ্যারচর ইউনিয়নে মহিলা সমাবেশে যোগ দেবেন।
এ ছাড়া ফাঁসিয়াখালী, কাকারা ও বরইতলী ইউনিয়নে জনসংযোগ করবেন। রোববার সফরের শেষ দিনে হারবাং ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে জনসংযোগ করবেন।
দুপুরে চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
কর্মসূচি শেষে রোববার রাত ৮টায় তিনি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন।













