মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্ততিকালে নারীসহ চারজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
এসময় তাদের হেফাজত থেকে অবৈধ অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত হাইয়েস মাইক্রোবাস ও দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।
বুধবার ভোর রাতে চিরিঙ্গা জনতা মার্কেট- বেতুয়াবাজার সড়কের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আমানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন চকরিয়া থানা পুলিশের একটি টিম।
বুধবার (১৮ মার্চ) দুপুরে চকরিয়া থানার মিডিয়া শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশের এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি মো. মনির হোসেন।
তিনি বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে জনগণ তথা চকরিয়াবাসির ঈদ উৎসব নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে বেশকিছু দিন ধরে চকরিয়া থানা পুলিশ এলাকায় নজরদারি বাড়ানোর পাশাপাশি অভিযানে নেমেছে।
এরই অংশ হিসেবে থানা পুলিশের একটি আভিযানিক টিম বুধবার ভোর রাতে চকরিয়া থানাধীন চকরিয়া পৌরসভা ১নং ওয়ার্ডস্থ আমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্ততিকালে একদল দুবৃর্ত্তকে চ্যালেঞ্জ করে।
এসময় তাঁরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে ইমতিয়াজুল কাদের রায়হান (২৮), নাছির উদ্দিন (৩৫), খুর্শিদা বেগম (৩৫) ও ইসমত আরা (৩৮) নামের চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
ওসি মনির হোসেন বলেন, পরে গ্রেফতারকৃতদের দেখিয়ে দেওয়া এলাকা থেকে ১টি একনলা এলজি বন্দুক, ১টি দুনলা এলজি বন্দুক, ১০ রাউন্ড তাজা কার্তুজ, ২টি গ্রিল/তালা কাটার মেশিন, ১টি লোহার পোড়াবাড়ি, ১টি হাতুড়ি, ১টি রাম দা, ১টি কাঠের বাটযুক্ত চাকু উদ্ধার করে পুলিশ।
একইসাথে ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইয়েস মাইক্রোবাস গাড়ি ও ২টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল (পালসার ১৫০ সিসি ও সুজুকি জিক্সার) উদ্ধার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একটি অস্ত্র আইনে এবং ডাকাতির প্রস্ততির সংশ্লিষ্ট ধারায় পৃর্থক দুটি মামলা রুজু করা হয়েছে। বুধবার দুপুরে তাদের চকরিয়া সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।














