মুকুল কান্তি দাশ,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহতরা সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন।
বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিংগা ইউনিয়নের সওদাগর ঘোনা চারা বটতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলেন- চকরিয়া ডুলাহাজরা ইউনিয়নের হেলাল উদ্দিনের কন্যা বকেয়া মনি (৮) এবং চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের কন্যা হুরিফা জান্নাত (৫)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে চারা বটতলী এলাকায় নানার বাড়ি থেকে ১০০ গজ দূরে একটি পুকুরে পাড়ে খেলতে যায় দুই বোন।
খেলার একপর্যায়ে অসাবধানতাবশত তারা পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরে পুকুর থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুদের মুখ দিয়ে রক্তমিশ্রিত ফেনা বের হচ্ছিল বলে জানান স্থানীয়রা।
পরে মুমূর্ষু অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) মো.ফরিদ হোসেন বলেন, পুকুরে ডুবে দুই বোনের মৃত্যুর ঘটনার খবর পাওয়ার পরে পুলিশ পাঠানো হয়েছে।
পরিবারের সিদ্ধান্তের উপর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এই ধরনের মৃতু খুব বেদনাদায়ক।















