বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অন্তর্বর্তী সরকারের চার অধ্যাদেশ রহিত : গণভোটসহ ১৬টি আইন না করার সুপারিশ

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ১০৮ বার দেখা হয়েছে

🗓 শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

👁️ ১০৮ বার দেখা হয়েছে

কক্সবাংলা ডটকম(৩ এপ্রিল) :: অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে গণভোট, গুম প্রতিরোধ ও প্রতিকার, জাতীয় মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয়সংক্রান্ত অধ্যাদেশসহ ১৬টিকে এখনই আইনে রূপ না দেয়ার সুপারিশ করেছে এ বিষয়ে গঠিত সংসদীয় বিশেষ কমিটি।

যার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় স্থাপন অধ্যাদেশসহ চারটি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করা হয়েছে। আর গণভোট ও জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশসহ ১৬টি অধ্যাদেশ চলতি অধিবেশনে বিল আকারে উত্থাপন না করার সুপারিশ করেছে কমিটি।

১২ এপ্রিলের মধ্যে সংসদে অনুমোদন না হলে অধ্যাদেশগুলোর কার্যকারিতা লোপ পাবে। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ পুনরায় বসার পর ৩০ দিনের মধ্যে আইন না হলে অধ্যাদেশ ‘ল্যাপস’ হয়ে যায়।

বাকি ১১৩টির মধ্যে ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে এবং ১৫টি সংশোধনীসহ বিল আকারে উত্থাপনের সুপারিশ করেছে কমিটি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রতিবেদন সংসদে উত্থাপন করেন সভাপতি জয়নুল আবেদীন।

এ প্রসঙ্গে সাবেক জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণের সুপারিশ গ্রহণযোগ্য নয়। বিচার বিভাগকে স্বাধীন করতে হলে শক্তিশালী সচিবালয় প্রয়োজন হবে। এটি কেন করা হলো আমার বোধগম্য নয়। শুধু এ অধ্যাদেশই নয়; মানুষের জন্য কল্যাণকর অধ্যাদেশগুলো বাতিল করা গ্রহণযোগ্য নয়।’

জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রতিবেদনে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১৬টি অধ্যাদেশ সংসদে এখনই বিল আকারে উত্থাপন না করে পরবর্তী সময়ে যাচাই করে অধিকতর শক্তিশালী করে নতুন বিল উত্থাপনের সুপারিশ করা হয়েছে। চারটি অধ্যাদেশ রহিতকরণের বিল আনার জন্য কমিটি সুপারিশ করেছে।

যার মধ্যে ১৪টিতে নোট অব ডিসেন্ট (আপত্তি) দিয়েছে বিরোধী দল। বাকি ১১৩টির মধ্যে ৯৮টি অধ্যাদেশ হুবহু বিল আকারে উত্থাপন এবং ১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে সংসদে বিল উত্থাপনের জন্য সুপারিশ করে।

যে ১৬টি অধ্যাদেশ এখনই উত্থাপন না করে নতুন করে বিল আকারে উত্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ, ২০২৫; রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫; গণভোট অধ্যাদেশ, ২০২৫; গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫;

জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬ এবং তথ্য অধিকার (সংশোধন) অধ্যাদেশ।

যে চারটি অধ্যাদেশ রহিতকরণের সুপারিশ করা হয়েছে সেগুলো হলো জাতীয় সংসদ সচিবালয় (অন্তর্বর্তীকালীন বিশেষ বিধান) অধ্যাদেশ, ২০২৪; সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫; সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ এবং সুপ্রিম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।

বিরোধী দলের আপত্তি না থাকা অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; কাস্টমস (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; আয়কর (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; বেসামরিক বিমান চলাচল (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বাংলাদেশ ট্রাভেল এজেন্সি (নিবন্ধন ও নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬।

এ প্রসঙ্গে সংসদীয় বিশেষ কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, ‘বিচার-বিশ্লেষণ করে আমরা প্রতিবেদনটি জমা দিয়েছি। কমিটির চেয়ারম্যান হিসেবে আমিও ভেবেচিন্তেই কাজ করেছি এবং সই করেছি। এখন বিরোধী দল যেগুলোর ওপর নোট অব ডিসেন্ট দিয়েছে সেগুলো আগামী ৯ তারিখের মধ্যে সংসদে বিল আকারে আনবে।’

১৫টি অধ্যাদেশ সংশোধিত আকারে উত্থাপনের সুপারিশ করা হয়েছে। তবে কোথায় কী সংশোধনী আনা হবে, তা বিশেষ কমিটির প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এগুলো হলো ২০২৫ সালের নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ, পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ, সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর (সেকেন্ড অ্যামেন্ডমেন্ট), জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা অধ্যাদেশ, বাংলাদেশ শ্রম (সংশোধন) অধ্যাদেশ, মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ,

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ সালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন অধ্যাদেশ, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা (সংশোধন) অধ্যাদেশ এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী কল্যাণ ট্রাস্ট (সংশোধন) অধ্যাদেশ।

বিল আকারে হুবহু উত্থাপনের সুপারিশ করা অধ্যাদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশ ব্যাংক (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪; ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনালস) (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪; বাংলাদেশ ল’ অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪; জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪;

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪; মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫; দি এক্সাইজেস অ্যান্ড সল্ট (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; কোড অব সিভিল প্রোসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; কোড অব ক্রিমিনাল প্রোসিডিউর (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৫; ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এবং বাণিজ্যিক আদালত অধ্যাদেশ, ২০২৬।

উল্লেখ্য, ত্রয়োদশ সংসদের প্রথম দিনের অধিবেশনেই এ বিশেষ কমিটি গঠন করা হয়। সেদিন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করেন।

পরে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীনের নেতৃত্বে ১৩ সদস্যের একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। ২ এপ্রিলের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দিয়েছিল সংসদ। এরই ধারাবাহিকতায় গতকাল সংসদের প্রতিবেদন জমা দেয়া বিশেষ কমিটি।

সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। গতকাল দুপুরে রাজধানীর গুলশানে দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি বলেন, এটা দুঃখজনক যে সরকারি দল গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

এর মাধ্যমে যে প্রতিশ্রুতির আলোকে অন্তর্বর্তী সরকার গঠন ও নির্বাচন হয়েছে, সেটিকে অস্বীকার করা হয়েছে, জাতিকে অপমান করা হয়েছে। জাতির সঙ্গে প্রতারণাও করা হয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর