দীপন বিশ্বাস :: কক্সবাজারে আলোচিত গলা ও দুইহাতের কব্জি কেটে হত্যার মূল অভিযুক্তকে আটক এবং হত্যার মূল রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে ব্যবহৃত আলামত উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
১৫ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে মূল অভিযুক্তকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্র জানায়,গত ১১ এপ্রিল বিকাল পৌনে ৫টার সময় কক্সবাজার সদর থানাধীন ঝিলংজা ইউপিস্থ জানার ঘোনা এলাকায় পরিত্যক্ত ডোবায় অজ্ঞাতনামা নারীর মস্তক ও দুইহাতের কব্জিবিহীন মৃতদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
পরে পুলিশের তদন্তে তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত সাইফুল ইসলাম তারেককে গ্রেফতার করা হয় এবং থানা পুলিশের জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী সাইফুল ইসলাম তারেক নৃশংস হত্যাকান্ডের বর্ণনা করেন।
ঘাতক সাইফুল জানায়, ভিকটিম শাহিদা আক্তার রিপা প্রকাশ মুন্নিকে রসমালাইয়ের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে অচেতন করে ছুরি দিয়ে জবাই করে হত্যা করে এবং লাশের পরিচয় গোপন করার কৌশল অবলম্বন করে ভিকটিমের মাথা ও দুইহাতের কব্জি আলাদা করে ফেলে।
হত্যাকান্ডের একদিন পর মস্তক ও দুইহাতের কব্জিবিহীন মৃত দেহ পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেয় এবং অবশিষ্ট মৃতদেহের মাথা ও দুইহাতের কব্জি কক্সবাজার শহরের খুরুশকুল নতুন ব্রীজ হতে বাঁকখালী নদীতে ফেলে দেয়ার কথা স্বীকার করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শনকালে ঘাতক সাইফুলের স্বীকারোক্তিমূলে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও ঘুমের ঔষধ মিশ্রিত রসমালাইয়ের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান,আসামীর দেওয়া স্বীকারোক্তিমতে মৃতদেহের মাথা ও দুইহাতের কব্জি উদ্ধারের নিমিত্তে বাঁকখালী নদীতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।













