বৃহস্পতিবার ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় বরফমিলে সন্ত্রাসীদের হামলা ম্যানেজারকে কুপিয়ে জখম, তিনজনকে পিটুনি

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

🗓 বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

👁️ ১২ বার দেখা হয়েছে

এম জিয়াবুল হক,চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালীতে একটি বরফ উৎপাদন মিলে ঢুকে সশস্ত্র সন্ত্রাসীরা ব্যাপক হামলা তান্ডব চালিয়েছে।

এ সময় সন্ত্রাসীরা আনিছুর রহমান (৩৪) নামের ওই বরফ মিলের ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে।

ওই সময় তাঁকে উদ্ধারের চেষ্টা করায় আরও তিনজন কর্মচারীকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত এগারটার দিকে উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়নের সমুদ্র মোহনার বদরখালী নৌ-জেটি ঘাট এলাকার জনৈক নুরুন্নবীর মালিকানাধীন বরফ উৎপাদন মিলে এই সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনা ঘটে।

হামলার সময় সন্ত্রাসীরা ওই বরফ মিলের উৎপাদিত বরফ বিক্রির টাকাসহ প্রায় আড়াই লাখ নগদ টাকা, মূল্যবান মালামাল ও একটি মোবাইলসহ অন্তত ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

গুরুতর আহত ম্যানেজারকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক।

আহত অন্য তিনজন হলেন-বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনার এক নম্বর ব্লকের ছৈয়দ নূরের ছেলে আবদুল মান্নান, তেচ্ছাপাড়ার আবু ছৈয়দের ছেলে নেছারুল হক বাহাদুর ও কুতুবনগর এলাকার ছরওয়ার আলমের ছেলে মোহাম্মদ জিয়া।

ভুক্তভোগী বরফ মিল মালিক মোহাম্মদ নুরুন্নবী দাবি করেছেন-প্রতিদিনের মতো মঙ্গলবারও তার বরফ মিলে বরফ উৎপাদন এবং বিকিকিনি চলে।

এরইমধ্যে রাত এগারোটার দিকে স্থানীয় রিকুর নেতৃত্বে সহযোগী তারেক, নাঈম, মঈনা, জিদানসহ একদল সশস্ত্র সন্ত্রাসী বন্দুক, ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে বরফ মিলে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।

এর পর ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে নগদ টাকা, মূল্যবান মালামাল ও মোবাইল লুট করে। এ ঘটনায় চকরিয়া থানায় একটি লিখিত এজাহার জমা দিয়েছেন বলে জানিয়েছেন নুরুন্নবী।

এ ব্যাপারে চকরিয়া থানার অপারেশন অফিসার এসআই (উপপরিদর্শক) সাহেদ উল্লাহ বলেন- এই ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগ এর আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর

রামুতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬