কক্সবাংলা রিপোর্ট :: রেল লাইনের পাশে দাঁড়িয়ে থাকা মাছবোঝাই মিনি-ট্রাকের সঙ্গে ঘষা লেগে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার দুপুরে চন্দনাইশ খানহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দোহাজারী রেলওয়ে স্টেশন মাস্টার ইকবাল হোসেন চৌধুরী বলেন, রোববার দুপুর দেড়টার দিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস পটিয়া স্টেশন পর হয়ে চন্দনাইশের খানহাট স্টেশন এলাকা অতিক্রম করার সময় রেললাইনের পাশ ঘেঁষে পার্কিং করা একটি মাছবোঝাই ট্রাকের সাথে ঘষা লাগে।
এতে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির দরজা ক্ষতিগ্রস্থ হয়েছে। কিছু দরজা খুলে পড়েছে। খবর পেয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করছেন।
এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানান স্টেশন মাস্টার ইকবাল।
রেলওয়ে চট্টগ্রাম থানার ওসি রফিকুল ইসলাম বলেন, চন্দনাইশের খানহাট রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি মাছ বোঝাই মিনি ট্রাক রেললাইনের পাশে পার্কিং করে মাছ আনলোড করছিল।
এসময় পর্যটন এক্সপ্রেসের সঙ্গে মিনি ট্রাকটির সাথে ঘষা লাগে। এতে পর্যটন এক্সপ্রেসের ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্থ হয়েছে।
তিনি জানান, তবে দরজা খুলে পড়ে গেছে কিনা ট্রেনটি ফিরে না আসা পর্যন্ত বলা যাবেনা। ওই এলাকার আশেপাশে তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।














