হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ও হোয়াইক্যং সীমান্ত এলাকায় পৃথক দুইটি মাদকবিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ সময় তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা।
বিজিবি সূত্র জানায়, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীন হ্নীলা বিওপি’র একটি বিশেষ টহল দল গত শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়।
এ সময় মিয়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় সন্দেহভাজন পাচারকারীদের চ্যালেঞ্জ করা হলে তাদের সহযোগীরা দূর থেকে বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে ধাওয়া করে নাফ নদীর তীর থেকে দুইজনকে আটক করা হয়।
তারা হলেন টেকনাফ হ্নীলা ইউনিয়নের উলুচামারী গ্রামের মো. তোফায়েল (২১) ও রাসুলাবাদ গ্রামের মো. ইউনুস (৩৩)।
তাদের কাছ থেকে একটি পোটলায় রাখা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে একই দিন রাত ৮টার দিকে হোয়াইক্যং বিওপি’র আরেকটি টহল দল পৃথক অভিযানে ক্যারেঙ্গাঘোনা এলাকা থেকে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাঘোনা গ্রামের মো. সিফাত (২০)কে ২০ হাজার পিস ইয়াবাসহ আটক করে।
বিজিবি জানায়, উখিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় পরিচালিত এ দুই অভিযানে মোট ৭০ হাজার পিস ইয়াবা ও তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।














