এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওয়ের বাসস্টেশন সংলগ্ন অবস্থিত একাধিক জ্বালানি তেল পাম্পে অব্যবস্থাপনা এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
মহাসড়কের পাশঘেষেই ৩/৪টি পাম্পে প্রতিদিন গাড়িতে জ্বালানি দেয়ার সময় কোন ধরনের নিয়ন্ত্রণ না থাকায় সড়কের উপর এলোমেলোভাবে গাড়ি দাঁড় করানো হচ্ছে।
এতে মহাসড়কে সৃষ্টি হচ্ছে যানজট, ভোগান্তিতে পড়ছেন সাধারণ পথচারী ও যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়,পাম্পে তেল নেয়ার জন্য গাড়িগুলো রাস্তার উপর লাইন করে দাঁড়িয়ে থাকছে। কোন ট্রাফিক ব্যবস্থাপনা না থাকায় যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট শান্তময় দাস জানান, পাম্প কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে- জ্বালানি দেওয়ার সময় অন্তত দুজন লোক রাস্তায় থেকে যানজট নিয়ন্ত্রণে কাজ করবে।
তিনি আরও বলেন, অফিস সময় বা পিক আওয়ারে ট্রাক, কাভার্ড ভ্যানসহ বড় যানবাহনে তেল দেওয়া বন্ধ রাখতে হবে।
প্রয়োজনে রাত ৯টা থেকে সকাল ৯টা পর্যন্ত এসব গাড়িতে জ্বালানি দেয়ার ব্যবস্থা করতে হবে।
স্থানীয় পথচারীর মতে, রাস্তা দিয়ে হাঁটা দায় হয়ে গেছে। হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে তেল নেয়, চলাচল করতে হিমশিমে পড়তে হয়।
আরেক যাত্রী জানান, ৫ মিনিটের রাস্তা যেতে ২০ মিনিট লাগে। প্রতিদিন এই জ্যাম সহ্য করা সম্ভব না।”
রিকশাচালক বলেন, পাম্পের সামনে আসলেই ভয় লাগে। কখন কোথা থেকে গাড়ি ঢুকে পড়ে বোঝা যায়না।
যানজট নিরসনে হ্যান্ড মাইক ব্যবহার করে চালকদের সচেতন করার উদ্যোগ নেয়ার কথাও জানিয়েছে ট্রাফিক বিভাগ।
তবে স্থানীয়দের দাবি,শুধু নির্দেশনা নয়। বাস্তব প্রয়োগ নিশ্চিত না হলে এ ভোগান্তির কোন স্থায়ী সমাধান হবে না।














