ওবাইদুর রহমান নয়ন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ থানাধীন মানবপাচারকারীদের বিভিন্ন পয়েন্টে বিশেষ অভিযান চালিয়ে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার ইসমাইল, দক্ষিণ পাড়ার ফারুক এবং সাবরাং মুন্ডাল ডেইল এলাকার ইব্রাহিম।
গত ১৯ এপ্রিল গভীর রাতে শাহপরীরদ্বীপ ও সাবরাং এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (২০ এপ্রিল) বিকাল সাড়ে ৩ টায় বিষয়টি গণমাধ্যমে কে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।
তিনি জানান, ৯ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জে সাগরে ট্রলারডুবিতে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিক নিখোঁজের ঘটনার পর স্বজনদের মাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া যায়।
এরপর থেকে পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে পাচারকারীদের গ্রেপ্তারে কাজ করছে। রবিবার রাতভর অভিযানে তিনজনকে আটক করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা বিভিন্নভাবে মানবপাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, শাহপরীরদ্বীপ, সাবরাং, টেকনাফ সদর ও বাহারছড়া ইউনিয়নে সক্রিয় বড় বড় মানবপাচারকারীদের আইনের আওতায় না আনা হলে ভবিষ্যতেও সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির মতো ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, এসব চক্রের মূল হোতা ও নিয়ন্ত্রকদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না গেলে সাগরপথে মানবপাচার কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ৯ এপ্রিল প্রায় ২৫০ জন যাত্রী সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় আন্দামান দ্বীপপুঞ্জের কাছে ট্রলারডুবির ঘটনায় অনেকেই নিখোঁজ হন।
এ সময় একটি বাংলাদেশি জাহাজ ভাসমান অবস্থায় নারীসহ ৯ জনকে উদ্ধার করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।
পরে কোস্টগার্ড পাচারকারী সন্দেহে ৬ জন বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করে।














