হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ টাকা মূল্যের ১৬ হাজার পিস ইয়াবাসহ এক ভুয়া সাংবাদিককে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের সিকদারপাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার (৫৬)। তিনি হাফেজ মুহাম্মদ নুরের ছেলে।
সোমবার (২৫ মে) উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৪টা ৫০ মিনিটে হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি মাইক্রোবাস হোয়াইক্যং চেকপোস্টে পৌঁছালে কর্তব্যরত বিজিবি সদস্যরা গাড়িটিকে তল্লাশির জন্য থামানোর সংকেত দেন।
এ সময় চালক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে তল্লাশিতে বাধা দেওয়ার চেষ্টা করেন এবং বিজিবি সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রমের চেষ্টা চালান।
পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাসটি আটক করেন। এরপর প্রশিক্ষিত মাদক শনাক্তকারী কুকুর ‘হেনরি’র সহায়তায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়।
একপর্যায়ে মাইক্রোবাসের পেছনের সিটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় আটক আনোয়ারের কাছ থেকে দুটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্রও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, তিনি হ্নীলা এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহ চক্র ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকবিরোধী অভিযান এবং বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।













