রবিবার ২৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ চৈত্র, ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষায় কক্সবাজার জেলায় ৩২ কেন্দ্রে বসছেন ১৮ হাজার ৯২৪ জন শিক্ষার্থী

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

🗓 সোমবার, ২০ এপ্রিল ২০২৬

👁️ ৫৭ বার দেখা হয়েছে

দীপন বিশ্বাস :: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালে কক্সবাজার জেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষায় এবার ৩২টি কেন্দ্রে মোট ১৮ হাজার ৯২৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

এদের মধ্যে ছাত্র ৭ হাজার ৭৭৬ জন এবং ছাত্রী ১১ হাজার ১৩৮ জন।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা-তিনটি বিভাগের শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এছাড়া দাখিলে ১৪টি কেন্দ্রে ৭ হাজার ১১৮ জন  এবং কারিগরিতে ৮টি কেন্দ্রে ১ হাজার ৪৩১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

গতবছর কক্সবাজার জেলায় ৫৩টি কেন্দ্রে অংশগ্রহণ করে ২৯ হাজার ৭৯ জন শিক্ষার্থী।

জেলা শিক্ষা অফিসার মো: গোলাম মোস্তফা জানান,  মঙ্গলবার থেকে শুরু হওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলা প্রথম পত্রের মাধ্যমে সকাল ১০টায় লিখিত পরীক্ষা শুরু হবে এবং অন্যান্য বিষয়ের পরীক্ষা গ্রহন চলবে ২০ মে পর্যন্ত।

লিখিত অংশ শেষ হওয়ার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নির্ধারিত রুটিন অনুযায়ী প্রথম দিন আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) সারাদেশে একযোগে বাংলা প্রথমপত্র পরীক্ষার মাধ্যমে এই মহোৎসবের পর্দা উঠবে। আর শেষ হবে আগামী ২০ মে ২০২৬ তারিখ।

শিক্ষাবোর্ড জানিয়েছে, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পাশাপাশি ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, যার মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম রয়েছে।

পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মোবাইল ফোন বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না।

ওএমআর শিট সঠিকভাবে পূরণ করা, উত্তরপত্র ভাঁজ না করা এবং প্রতিটি অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক।

এছাড়া পরীক্ষার্থীরা কেবল প্রবেশপত্রে উল্লিখিত বিষয়েই পরীক্ষা দিতে পারবে এবং নিজ প্রতিষ্ঠানে নয়, নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় শুধুমাত্র কাঁটাযুক্ত (এনালগ) ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে।

নিরাপত্তা জোরদারে জেলার প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন।

পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

এর আওতায় সভা-সমাবেশ, মিছিল, উচ্চ শব্দ সৃষ্টি, অস্ত্র বহন এবং অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এবারের তত্ত্বীয় পরীক্ষাগুলো আগামী ২০ মে পর্যন্ত চলবে এবং পরবর্তীতে ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর