সরওয়ার কামাল,মহেশখালী :: কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে কুখ্যাত জলদস্যু ও হত্যা মামলার প্রধান আসামি জমিরকে আটক করেছে কোস্ট গার্ড।
এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ।
বুধবার (৬ মে) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৫ ফেব্রুয়ারি গভীর বঙ্গোপসাগরে কুতুবদিয়ার পশ্চিম-দক্ষিণে ‘এফবি আজুফা আক্তার মানু’ নামের একটি মাছ ধরার ট্রলারে হামলা চালায় জলদস্যু জমির উদ্দিন বাহিনী।
এ সময় তাদের গুলিতে কুতুবদিয়ার জেলে শাহাদাত হোসেন খোকন নিহত হন।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের পর জড়িতদের গ্রেফতারে তৎপরতা বাড়ায় কোস্ট গার্ড।
এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ২টার দিকে মহেশখালী থানার মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে জলদস্যু জমিরকে আটক করা হয়, যিনি ওই হত্যা মামলার প্রধান আসামি।
পরে তার স্বীকারোক্তির ভিত্তিতে সোনাদিয়া দ্বীপের প্যারাবন এলাকা থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক জমির (৪০) মহেশখালী উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ‘জমির বাহিনী’র নেতৃত্বে জলদস্যুতা করে আসছিলেন বলে জানায় কোস্ট গার্ড।
আটককৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।














