মঙ্গলবার ২৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেন্টমার্টিন ও টেকনাফে পৃথক মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ১৩ জন আটক

🗓 বুধবার, ০৬ মে ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

🗓 বুধবার, ০৬ মে ২০২৬

👁️ ৫৩ বার দেখা হয়েছে

হেলাল উদ্দিন,টেকনাফ :: কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফ উপকূলীয় এলাকায় পৃথক দুটি অভিযানে বিদেশি মদসহ ১০ মাদক কারবারি এবং মিয়ানমারে পাচারের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ আরও ৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ মে ভোররাতে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের উত্তর-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়।

অন্যদিকে, ৬ মে দিবাগত রাত ১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী পৃথক আরেকটি অভিযান চালায়।

অভিযানে একটি বোট তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৫৪ হাজার টাকা মূল্যের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে ৪০০ লিটার সয়াবিন তেল, ৪০০ কেজি পেঁয়াজ এবং ৪৫০ কেজি ময়দা। এ ঘটনায় পাচার কাজে ব্যবহৃত বোটসহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত মালামাল, আটক ব্যক্তিবর্গ এবং ব্যবহৃত বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর