এম জিয়াবুল হক,চকরিয়া :: চকরিয়ায় ৩৩ হাজার ভোল্টের সঞ্চালন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রুপকন চাকমা (৩৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে দশটার দিকে চকরিয়া চকরিয়া থানা সেন্টার এলাকার পিডিবি বিভাগের একটি বৈদ্যুতিক খুঁটিতে এ ঘটনা ঘটেছে।
খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে।
আহত রুপকন চাকমা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার রনজিত চাকমার ছেলে বলে নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
রুপকন চাকমা ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজে নিয়োজিত একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে কাজ করতো বলে চকরিয়া উপজেলা পিডিবি বিভাগের কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
তিনি বলেন, বর্তমানে আহত ওই শ্রমিক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে চকরিয়া থানা সেন্টার এলাকার একটি বৈদ্যুতিক সঞ্চালন লাইনে মেরামত কাজ করছিলেন কয়েকজন শ্রমিক।
ওইসময় খুঁটি বেয়ে উপরে উঠার একপর্যায়ে শ্রমিক রুপকন চাকমা অসাবধান বশতঃ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ তারে জড়িয়ে গেলে হঠাৎ বিকট শব্দ হয় সেখানে।
একপর্যায়ে ওই শ্রমিক বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় আটকে যায়।
এ ঘটনার পর মুহূর্তেই ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে তাৎক্ষণিক চকরিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এবং বিদ্যুৎ বিভাগের লোকজন ঘটনাস্থলে পৌঁছে তারে ঝুলন্ত রুপকন চাকমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পরে সেখান থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, বৈদ্যুতিক সঞ্চালন লাইনে শ্রমিকরা মেরামত কাজ করার আগে থানা সেন্টার এলাকার বিদ্যুৎ সংযোগ লাইন সচল রাখার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশনের সাব অফিসার সেলিম উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে ওই শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এ ঘটনাটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি বিদ্যুৎ সংযোগ চালু থাকার কারণে হলো, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে তিনি।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, বৈদ্যুতিক ট্রান্সফরমারে মেরামত কাজ করার সময় একজন শ্রমিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়। তাঁকে উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে বিষয়টি নিয়ে শুক্রবার রাত সাড়ে আটটার পর্যন্ত বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়নি।














