সরওয়ার কামাল,মহেশখালী :: কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ফজল কাদের বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (৮ মে) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফজল কাদের বাহিনীর কয়েকজন সদস্য মহেশখালী থানার ধলঘাটা ইউনিয়নের নাছিরডেল সংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মে) রাত ৯টার দিকে কোস্ট গার্ড স্টেশন মহেশখালী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে বাহিনীর চার সক্রিয় সদস্যকে আটক করা হয়।
আটককুতরা হলেন— আলমগীর (৩৪), তৌহিদুল ইসলাম কালু (২৪), ফারুক (২৫) ও কাইয়ুম উদ্দিন (৩৫)।
তারা সবাই মহেশখালীর ধলঘাটা এলাকার উত্তর মুহুরীঘোনা গ্রামের বাসিন্দা।
কোস্ট গার্ড জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আটক ব্যক্তিদের বাড়িতে তল্লাশি চালিয়ে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ রাউন্ড তাজা কার্তুজ এবং ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ফজল কাদের বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে এলাকায় ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে দাবি করেছে কোস্ট গার্ড।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়, উপকূলীয় অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














