কক্সবাংলা রিপোর্ট :: সেবার ব্রতে চাকরি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মে) কক্সবাজার পুলিশ লাইন সংলগ্ন উত্তরণ মডেল কলেজ মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিনে শারীরিক মাপ ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট (পিইটি)-এর সকল ধাপে কৃতকার্য প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এর আগে তারা শারীরিক সক্ষমতার বিভিন্ন ইভেন্ট সফলভাবে সম্পন্ন করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তীতে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেবেন।
সব ধাপের সামগ্রিক মূল্যায়নের ভিত্তিতে মেধা অনুযায়ী চূড়ান্তভাবে নির্বাচিতরা বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে যোগদানের সুযোগ পাবেন।
লিখিত পরীক্ষা চলাকালে কক্সবাজার জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপারসহ নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়াও বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিগণ এবং পরীক্ষার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সার্বিক কার্যক্রম তদারকি করেন।















